সদর সেক্টর, ১৩ রাইফেলের সাক্ষ্য গ্রহণ
বিডিআরের বিদ্রোহে অংশ নেওয়া সদর সেক্টর ও ১৩ রাইফেল ব্যাটালিয়নের আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল রোববার পিলখানায় পৃথক দুটি আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়।পিলখানায় ১৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিনোদনকেন্দ্রে স্থাপিত বিশেষ আদালত-১১তে চলছে সদর সেক্টরের ৮৪ জন বিদ্রোহীর বিচার।গতকাল আদালতের শুরুতেই মামলার প্রসিকিউটর মেজর তসলিম উদ্দিন আদালতকে জানান, এ মামলাটি পিলখানায় বিডিআর বিদ্রোহের প্রথম মামলা। গত বছরের ২৩ ফেব্রুয়ারি এ ইউনিটের ৮৬ জন আসামির বিরুদ্ধে নায়েব সুবেদার শাহ আলম ভূঁইয়া বিশেষ আদালত-৫-এ অভিযোগ দায়ের করেন। পুনর্গঠিত হওয়ার পর মামলাটি বিশেষ আদালত-১১তে স্থানান্তর করা হয়। তবে এ মামলার দুই আসামি সিপাহি নুরুল আলম ও সিপাহি মাসুদুর রহমান বিদ্রোহের পর থেকেই পলাতক থাকায় ৮৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্যক্রম শুরু করা হয়। প্রসিকিউটর বলেন, বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল মুজিবুল হকসহ ১৫ জন কর্মকর্তাকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যার নেতৃত্ব দেন এ মামলার প্রধান আসামি সুবেদার মেজর ফজলুল হক। রোববার এ বিশেষ আদালতে আরও চারজন সাক্ষী ৫০ জন আসামির বিরুদ্ধে তাঁদের জবানবন্দি দিয়েছেন।বিশেষ আদালত-১১-এর সভাপতির দায়িত্ব পালন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদ। তাঁকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল শাহাদাত হোসেন, মেজর এ কে এম আলমগীর হোসেন ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ কিসলু। ১৩ রাইফেল ব্যাটালিয়ন: ১৩ রাইফেল ব্যাটালিয়নের বিচার চলছে দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৮-এ। গতকাল এ মামলার ৬২১ আসামি আদালতে উপস্থিত ছিলেন।মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল জায়েদ হোসেন জানান, এ মামলার আট নম্বর সাক্ষী হাবিলদার শফিকুজ্জামান ৪৯ জন আসামির বিরুদ্ধে আদালতে তাঁর জবানবন্দি উপস্থাপন করেন। একই সঙ্গে এসব আসামি তাঁকে জেরা সম্পন্ন করেন। এ মামলার ৬২১ আসামির বিরুদ্ধে ১০৩ জন সাক্ষী রয়েছেন। গতকাল পর্যন্ত মামলার বাদী সুবেদার ফরিদ উদ্দিনসহ সাতজন সাক্ষী সাক্ষ্য দেন। বিশেষ আদালত-৮-এর সভাপতির দায়িত্ব পালন করেন বিজিবির উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান। তাঁকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল মো. সেরাজুল হক, মেজর জাহিদুর রহমান খান এবং অ্যাটর্নি জেনারেলের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শ্রী ভীষ্মদেব চক্রবর্তী।