সচেতন নাগরিক কমিটি (সনাক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের সেবার মান নিয়ে প্রতিবেদন (সিটিজেনস রিপোর্ট কার্ড) গতকাল শনিবার প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিভিন্ন সংকটে হাসপাতালের উন্নত সেবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তবে ১২টি সূচকের মধ্যে আটটি সূচকের ইতিবাচক পরিবর্তন হয়েছে। সনাকের সভাপতি মো. শফিকুল বারীর সভাপতিত্বে হাসপাতালের শহীদ ডা. মিলন সভাকক্ষে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। সভায় সূচনা বক্তব্য দেন সনাকের সদস্য প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির উপ কর্মসূচি ব্যবস্থাপক (নীতি ও গবেষণা) জাফর সাদেক চৌধুরী। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর ২০১০ থেকে আগস্ট ২০১১ সালে সদর হাসপাতাল থেকে তিন লাখ ৩৭ হাজার ৭৯১ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছে। হাসপাতালে টিকিট ক্রয়, বেড/কেবিন পেতে, ইনজেকশন ও স্যালাইন পুশ এবং ব্যান্ডেজ/ড্রেসিং করাতে অতিরিক্ত টাকা প্রদানের হার আগের চেয়ে কমেছে। বহির্বিভাগে চিকিৎসক দেখানোর সময় শৃঙ্খলা (সিরিয়াল) মেনে চলা, ওষুধ কোম্পানির প্রতিনিধির উপস্থিতি, জরুরি বিভাগে চিকিৎসকের উপস্থিতির হার ইত্যাদি ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন ঘটেছে। তবে চিকিৎসককে রোগের সমস্যা ব্যক্ত করা, রোগীকে ব্যক্তিগত চেম্বার-ক্লিনিকে প্রেরণ, জরুরি বিভাগে তাৎক্ষণিক সেবা না পাওয়ার হার বেড়েছে। প্রতিবেদনে হাসপাতালের দুর্বল অবকাঠামোর চিত্রও ফুটে উঠেছে। ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক, সেবিকা, আয়াসহ লোকবলের অভাব, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকা হাসপাতালে উন্নত সেবা প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু সাঈদ বলেন, ‘প্রতিবেদনে যেসব অনিয়ম রয়েছে, সেগুলো দূর করতে আমাদের চেষ্টা থাকবে। দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ন্ত্রণে আমরা জনগণ এবং সনাকের সহযোগিতা চাই।’ সভার আলোচনায় অংশগ্রহণ করেন সুজন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান খান, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের সম্পাদক আবদুল মান্নান সরকার, মানবাধিকারকর্মী মিলি চৌধুরী, সুজনের সদস্য ফজিলাতুন নাহার।