মানিকগঞ্জে কুকুরের কামড়ে শিশুর মৃত্যু
সদর হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক ও শিশু বিশেষজ্ঞ নেই
মানিকগঞ্জে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সেজান হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সেজান সদর উপজেলার গড়পাড়া গ্রামের কালা চান মিয়ার ছেলে।
এদিকে এক মাস ধরে জেলার আধুনিক সদর হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ বন্ধ। পাঁচ মাস ধরে হাসপাতালে নেই শিশু বিশেষজ্ঞ। অথচ শীত মৌসুম আসার সঙ্গে সঙ্গে সর্দি-জ্বরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন অভিভাবকেরা।
কালা চান মিয়া জানান, আড়াই থেকে তিন মাস আগে একটি কুকুর তাঁর ছেলে সেজানের পায়ে কামড় দেয়। এরপর গ্রামের কবিরাজ দিয়ে ছেলের চিকিৎসা করান। কিন্তু ছেলে সুস্থ না হয়ে অবস্থার আরও অবনতি হতে থাকে। অবস্থা খারাপ দেখে গতকাল সকালে ছেলেকে সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক না থাকায় চিকিৎসকেরা দুপুরে সেজানকে ঢাকার মহাখালী ইনফেকশন ডিজিজ হাসপাতালে নিতে বলেন। কিন্তু অ্যাম্বুলেন্সে ওঠানোর আগেই হাসপাতাল চত্বরে সেজানের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, এক মাস ধরে জলাতঙ্ক রোগের প্রতিষেধক ঢাকা থেকে আসছে না।
সদর হাসপাতালের কার্যালয় জানায়, গত ১২ জুন হাসপাতালের একমাত্র শিশু বিশেষজ্ঞ মো. নাসির হোসেন পদোন্নতি পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি হন। এর পর থেকে ওই পদে কাউকে পদায়ন করা হয়নি। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তারাই জোড়াতালি দিয়ে শিশুদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন।
শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যাপারে সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার বলেন, এফপিসিএস কোর্স করা একজন অভিজ্ঞ চিকিৎসক দিয়ে প্রাথমিকভাবে শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পদে পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি খুব শিগগির এই পদে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে পদায়ন করার আশ্বাস দিয়েছেন।