সদর হাসপাতালে সেবিকাদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের এক সেবিকাকে মারধরের অভিযোগে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আশিকুল আলমকে গ্রেপ্তারের দাবিতে সেবিকারা গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। এ সময় বিশেষ দল গঠন করে রোগীদের জরুরি সেবা দেওয়া হয়। এর পরও রোগীরা ভোগান্তির শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল সকালে হাসপাতালের শহীদ মিলন কক্ষে সেবিকাদের সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বৈঠক করেছেন। বেলা ১১টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন নূরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসক হাইয়ূল কাইয়ুম ও পুলিশ সুপার মোখলেছুর রহমান অভিযুক্ত আশিকুল আলমকে গ্রেপ্তার এবং চিকিত্সক ও সেবিকাদের সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করার আহ্বান জানান। সেবিকারা আশিকুলকে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। তবে তাঁরা কর্মসূচির সময় কিছুটা কমিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন।