চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবারের মান, ওষুধপ্রাপ্তি ও চিকিৎসকদের ব্যবহারে রোগীদের সন্তুষ্টির মাত্রা বেড়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটির (সনাক) এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। হাসপাতালের ১০০ জন সেবাগ্রহীতার কাছ থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে এ জরিপ প্রতিবেদন তৈরি করা হয়।হাসপাতালটির স্বাস্থ্য সেবার মান ও সেবাগ্রহীতার সন্তুষ্টি সম্পর্কে ২০০৫ সালের অক্টোবর মাসে একটি জরিপ পরিচালনা করেছিল সনাক। এরপর সনাক একই উদ্দেশ্যে হাসপাতালটিতে ২০০৯ সালে একটি বেজলাইন জরিপ পরিচালনা করে। জরিপ দুটি পরিচালনার ক্ষেত্রে টিআইবি সহযোগিতা দেয়। এ দুটি জরিপের তুলনামূলক চিত্রে দেখানো হয়েছে, সদর হাসপাতালে চিকিৎসকদের ব্যবহারে রোগীদের সন্তুষ্টির মাত্রা ২০০৫ সালে ছিল শতকরা ৬৭ ভাগ, ২০০৯ সালে তা ৮৬ ভাগে উন্নীত হয়। ২০০৫ সালে চিকিৎসকদের দেওয়া ব্যবস্থাপত্রে উল্লিখিত ওষুধ পাওয়ার হার ছিল সবটুকু পাঁচ ভাগ, আংশিক ৩৮ ভাগ, মোটেও পায়নি ৫৭ ভাগ। ২০০৯ সালে দেখা যায়, সব ওষুধ পেয়েছে ৩১.১ ভাগ, আংশিক ৫৩.৫ ভাগ মোটেও পায়নি ৩৩.৩ ভাগ। ২০০৫ সালে চিকিৎসককে রোগের সমস্যা বলার সুযোগ না পাওয়া রোগীর হার ছিল শতকরা ৪৭ ভাগ, ২০০৯ সালে তা কমে দাঁড়িয়েছে ৭.২ ভাগে। অন্তর্বিভাগে সরবরাহ করা খাবারের মান নিয়ে ২০০৫ সালে সন্তুষ্টির মাত্রা ছিল ৭৭ ভাগ, ২০০৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৬.২ ভাগে। জরুরি বিভাগে চিকিৎসকের উপস্থিতি না পাওয়া রোগীর হার ছিল ৫৩ ভাগ, ২০০৯ সালে ১৬ দশমিক পাঁচ ভাগ।প্রতিবেদনে আরও বলা হয়, হাসপাতালে ধাত্রী ও প্রসূতি সেবার সাধারণ ব্যবস্থার পাশাপাশি সিজারিয়ান অপারেশন ব্যবস্থা চালু আছে। তবে গাইনি ও প্রসূতি বিভাগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই।সনাকের প্রতিবেদনে আরও বলা হয়, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য যে জনবল ছিল তা দিয়েই ১০০ শয্যার হাসপাতাল পরিচালিত হচ্ছে। চিকিৎসকের অনুমোদিত পদ ৩৩টি, কিন্তু কর্মরত আছেন ১৬ জন। অ্যাম্বুলেন্স আছে তিনটি কিন্তু সচল রয়েছে একটি। রোগীদের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নেই। অপেক্ষমাণ রোগীদের বসারও পর্যাপ্ত ব্যবস্থা নেই।সদর হাসপাতালের স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে ৯ আগস্ট সনাক ও স্থানীয় নাগরিক সমাজের এক মতবিনিময় সভায় এই বেজলাইন জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মুক্তারা বেগম। এতে সভাপত্বিত করেন সনাকের স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক নূর-ই আখতার জোবেদা বেগম।