সদরঘাট টার্মিনালের পরিস্থিতি স্বাভাবিক, মামলা দায়ের
স্বাভাবিক হয়ে এসেছে সদরঘাটের পরিস্থিতি। লঞ্চের এক কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী ও পরিবহন) সংস্থার ডাকা প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এতে রোববার রাত ১১টার দিকে পন্টুন থেকে লঞ্চ চলাচল শুরু করে।এদিকে এমভি টিপু লঞ্চের ব্যবস্থাপক ফারুকের ওপর হামলার ঘটনায় রোববার রাতে সূত্রাপুর থানায় মামলা হয়েছে।নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও এমভি টিপু লঞ্চের মালিক গোলাম কিবরিয়া জানান, রোববার রাতে নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে লঞ্চ মালিক সমিতির নেতারা উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন। বৈঠকে মন্ত্রী দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার এবং যেসব অনিয়ম রয়েছে, তা নিরসনের আশ্বাস দিলে প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করা হয়। এদিকে সন্ত্রাসীদের হামলায় আহত ফারুক খান সদরঘাটের ১১ জন শ্রমিকের নাম উল্লেখ করে সূত্রাপুর থানায় মামলা করেছেন।ইজারাদার আলমগীর বলেন, ‘এমভি টিপু লঞ্চের কর্মকর্তা ফারুক খান ছিনতাইকারীদের হাতে আহত হয়েছেন। কিন্তু আমাদের হয়রানি করার উদ্দেশ্যে ১১ জন ঘাটশ্রমিকের নামে মিথ্যা মামলা করা হয়েছে।’