সদরঘাট থানার ওসির বিরুদ্ধে ছাত্রলীগের সাবেক নেতার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে মামলাটি করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপপরিবেশ-বিষয়ক সম্পাদক আবদুর রহিম।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, মারধর ও নির্যাতনের অভিযোগে সদরঘাট থানার ওসি, উপপরিদর্শক (এসআই) মো. সালেকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চারজনকে মামলায় আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি।
বাদীর আইনজীবী আকবর আলী বলেন, ৯ মার্চ বিকেলে সদরঘাট এলাকায় আল ইসলামিয়া হোটেলে ঢাকা থেকে আসা এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যান আবদুর রহিম। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। আত্মীয়ের সঙ্গে স্বামী-স্ত্রী দুজন আলাপ করার সময় সদরঘাট থানার ওসি মাঈনুল ইসলাম সেখানে যান। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে মারধর করেন ওসি। একপর্যায়ে তাঁদের আটক করে থানায় নিয়ে যান। থানায় নিয়ে এসআই সালেকসহ আরও দুজন পুলিশ বাদীকে মারধর করেন।
ছাত্রলীগের সাবেক নেতাকে আটক করে মারধর করার প্রতিবাদে ওই দিন বিকেলে নেতা-কর্মীরা সদরঘাট সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের একটি রেকার ভাঙচুর করা হয়। পরে আবদুর রহিমকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
জানতে চাইলে সদরঘাট থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন আসামি হিসেবে আবদুর রহিমকে হোটেল থেকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘুষি মেরে তাঁর নাক ফাটানো হয়নি, তাঁকে নির্যাতনও করেনি কোনো পুলিশ সদস্য।