সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের ৭ রুটে নৌযান চলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল শুক্রবার দক্ষিণাঞ্চলের সাতটি রুটে রাজধানীর সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। এতে নৌযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া অন্যান্য রুটে যাত্রী ছিল কম।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের রাঙ্গাবালী, লেতরা, দৌলতখান, চরফ্যাশন, হাতিয়া, লালমোহন ও বরগুনা রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তবে মুন্সিগঞ্জ, চাঁদপুর ও শরীয়তপুরের উদ্দেশে ১৩টি লঞ্চ ছেড়ে গেছে। এ ছাড়া বিভিন্ন রুট থেকে ছেড়ে আসা ২৫টি লঞ্চ সদরঘাটে টার্মিনালে এসেছে। দক্ষিণাঞ্চলের সাতটি রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। রাঙ্গাবালীর উদ্দেশে সদরঘাট টার্মিনালে কেরানীগঞ্জ থেকে আসা ঠিকাদার কবির হোসেন বলেন, ‘সারা দিন অপেক্ষা করেও কোনো লঞ্চ পাইনি। তাই বাধ্য হয়ে আবার ফিরে যাচ্ছি।’ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক মো. সোলায়মান জানান, নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত থাকায় দক্ষিণাঞ্চলের সাতটি রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়ে আসবে।