সদরঘাট থেকে ৩১ পথে যাত্রীবাহী নৌযান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ দেশের অনেক স্থানে গতকাল বুধবার বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী বয়ে গেছে। আজ বৃহস্পতিবারও ঝড়বৃষ্টি হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল বিকেল থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট নৌ টার্মিনাল থেকে ৩১টি পথে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই রকম আবহাওয়া পরিস্থিতি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানেও হতে পারে। আজ দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
গতকাল ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ ঝড় হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো স্থানেও ঝড়বৃষ্টি হয়েছে। সমুদ্রে কোনো লঘুচাপ নেই। গতকাল বিকেল থেকে ঝোড়ো হাওয়ার কারণে ঢাকার সদরঘাটসহ দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিআইডব্লিউটিএ গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে ৩১টি পথে নৌ চলাচল বন্ধ করে দেয়। এর আগে সদরঘাটসহ যেসব নৌবন্দর থেকে নৌযান ছেড়ে গিয়েছিল, সেগুলোকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়।
রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলের নৌবন্দরগুলোকে আজও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের অন্যান্য এলাকার ওপর দিয়েও আজ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে।