সদরঘাটে উপচে পড়া ভিড়, মাওয়া-পাটুরিয়ায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেউ মাথায়, কেউ পিঠে আবার কেউ কাঁধে বিভিন্ন আকৃতির ব্যাগ নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছেন লঞ্চের খোঁজে। প্রচণ্ড ভিড়ের কারণে সদরঘাটে সারি সারি দাঁড়িয়ে থাকা লঞ্চের মধ্যে নিজের লঞ্চটি খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে অনেককেই। তবু ছুটতে তো হবেই। এ যে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দের হাতছানি! গতকাল তোলা ছবি l প্রথম আলো
কেউ মাথায়, কেউ পিঠে আবার কেউ কাঁধে বিভিন্ন আকৃতির ব্যাগ নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছেন লঞ্চের খোঁজে। প্রচণ্ড ভিড়ের কারণে সদরঘাটে সারি সারি দাঁড়িয়ে থাকা লঞ্চের মধ্যে নিজের লঞ্চটি খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে অনেককেই। তবু ছুটতে তো হবেই। এ যে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দের হাতছানি! গতকাল তোলা ছবি l প্রথম আলো

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে ঘরপানে ছুটছে মানুষ। নদীপথে ঢাকা ছাড়ার প্রধান পথ সদরঘাট লঞ্চ টার্মিনালে গতকাল বুধবার ছিল মানুষের উপচে পড়া ভিড়।
এ ছাড়া সড়কপথে যাঁরা ঘরে ফিরছেন, তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্য দুটি নৌপথে। মাওয়া-কাওড়াকান্দি-মঙ্গল মাঝিরঘাট নৌপথে ঝুঁকি নিয়ে চলেছে অতিরিক্ত যাত্রীবোঝাই লঞ্চ। স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গন্তব্যে পৌঁছাতে ফেরিগুলোর অতিরিক্ত সময় লেগেছে। ট্রিপ কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে গাড়ির দীর্ঘ সারি।
সদরঘাট: ঘরমুখী মানুষের চাপে গতকাল সদরঘাট টার্মিনালে তিল ধারণের ঠাঁই ছিল না। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে চাঁদপুরগামী যাত্রীরা টার্মিনালে এসে ভিড় জমান। দুপুরের পর থেকে দক্ষিণাঞ্চল বরিশাল, পটুয়াখালী, বরগুনা, আমতলী ও হাতিয়া রুটের যাত্রীরা টার্মিনালে আসতে শুরু করেন। গত মঙ্গলবার টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গা নদীতে দুটি লঞ্চের চাপে নৌকাডুবিতে মো. ইব্রাহিম নামের এক হকার মারা যাওয়ার ঘটনার পরও গতকাল বেশির ভাগ যাত্রীবাহী লঞ্চকে নোঙর করতে প্রতিযোগিতায় নামতে দেখা গেছে। দুপুরে সরেজমিনে দেখা গেছে, টার্মিনাল এলাকায় নৌপুলিশ, কোস্টগার্ড, র্যা ব, ডিএমপি পুলিশ ও ট্রাফিক পুলিশ তৎপর রয়েছে। এরপরও লঞ্চের যাত্রীদের বিড়ম্বনার কমতি ছিল না। অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার প্রধান উপদেষ্টা ও ফারহান লঞ্চের মালিক সাবেক সাংসদ গোলাম কিবরিয়া টিপু বলেন, রায়সাহেব বাজার থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত যানজটের কারণে যাত্রীদের টার্মিনালে আসতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মাওয়া-কাওড়াকান্দি-মঙ্গল মাঝিরঘাট নৌপথ: গতকাল পদ্মায় স্রোত ও ঢেউয়ের তীব্রতাও বাড়লেও ধারণক্ষমতার দুই থেকে তিন গুণ যাত্রী নিয়ে মাওয়া-কাওড়াকান্দি-মঙ্গল মাঝিরঘাট নৌপথে লঞ্চ চলাচল করেছে। অতিরিক্ত যাত্রী বহন বন্ধ এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে জেলা প্রশাসন, পুলিশ, র্যা ব ও বিআইডব্লিউটিএর সমন্বয়ে তদারকি দল গঠন করা হলেও কাজ হচ্ছে না।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ: অতিরিক্ত যানবাহনের চাপে পাটুরিয়া ঘাটে গতকাল সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ফেরিগুলোকে স্বাভাবিকের তুলনায় বেশি সময় নিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে ট্রিপ-সংখ্যা কমে গেছে। পাশাপাশি যানবাহনের চাপ বাড়ায় এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত গাড়িগুলোকে ঘাটে আটকে থাকতে হচ্ছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, স্বাভাবিক অবস্থায় পাটুরিয়া থেকে দৌলতদিয়ায় যেতে প্রতিটি ফেরির ৩০ মিনিট সময় লাগে। তবে নদীতে স্রোত থাকার কারণে এখন ৫০ মিনিট সময় লাগছে। এতে ফেরির ট্রিপ-সংখ্যাও কমে গেছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর মানিকগঞ্জ, শরীয়তপুর ও ঢাকার কেরানীগঞ্জ প্রতিনিধি]