সদরঘাটে উপচে পড়া ভিড়, যানজটে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঘরমুখো মানুষের যাত্রা কয়েক দিন আগে থেকে। রাজধানীর বাস, রেল ও লঞ্চ টার্মিনালগুলোতে গতকালও ছিল মানুষের উপচে পড়া ভিড়। দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালের দৃশ্য ষ ছবি: মনিরুল আলম
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঘরমুখো মানুষের যাত্রা কয়েক দিন আগে থেকে। রাজধানীর বাস, রেল ও লঞ্চ টার্মিনালগুলোতে গতকালও ছিল মানুষের উপচে পড়া ভিড়। দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালের দৃশ্য ষ ছবি: মনিরুল আলম

পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজার একেবারে শেষ মুহূর্তেও নদীপথে লেগে আছে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। গতকাল রোববার সকাল থেকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল ছিল যাত্রীদের ভিড়ে ঠাসা। তবে যাত্রীদের ঘাটে পৌঁছাতে তীব্র যানজটের ধকল সইতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সদরঘাট টার্মিনাল ছেড়ে যাওয়া হুলারহাট, পিরোজপুর, ভান্ডারিয়া, শরীয়তপুর, বরগুনা, ভোলা, চরফ্যাশন, দুমকি, আমতলীসহ বেশ কয়েকটি পথের বেশির ভাগ লঞ্চের ছাদেও ছিল যাত্রী বোঝাই। যাত্রীদের চাপে নির্ধারিত সময়ের আগে ১৩টি লঞ্চ সন্ধ্যা ছয়টার দিকে ছেড়ে যায়।
টার্মিনাল এলাকায় দুপুরে গিয়ে দেখা গেছে, টার্মিনালে প্রবেশের সড়কপথে রায়সাহেব বাজার, তাঁতীবাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় দীর্ঘ যানজট।
ভান্ডারিয়াগামী রাজদূত-৭ লঞ্চের যাত্রী সুন্দর আলী বলেন, ‘লঞ্চের ডেকে জায়গা নেওয়ার জন্য সকাল ১০টায় মিরপুর থেকে চলে এসেছি। লঞ্চ ছাড়ার কথা সন্ধ্যা সাড়ে ছয়টায়। যানজটের কারণে বংশাল মোড় থেকে সদরঘাট আসতেই সময় লেগেছে ঘণ্টা খানেক।’
পটুয়াখালীগামী এমভি আসা-যাওয়া লঞ্চের যাত্রী শরিফুল ইসলাম বলেন, ‘লঞ্চ ছাড়বে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। যানজট এড়াতে বাড্ডা থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বেলা দুইটায় চলে এসেছি।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, নদীপথে যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরার জন্য সদরঘাট টার্মিনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সপ্তাহ খানেক আগে থেকেই কাজ শুরু করেছে। যানজট নিরসনে সদরঘাট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও ওয়াইজঘাট এলাকায় ট্রাফিক পুলিশ তৎপর রয়েছে।
ওসি আরও বলেন, ‘রায়সাহেব বাজার এলাকার রাস্তা থেকে গরু অপসারণ করতে ইজারাদারদের বলা হয়েছে। কিন্তু তাঁরা সেটার তোয়াক্কা করছেন না।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘টার্মিনালে আসার পথ যানজটমুক্ত রাখতে একাধিকবার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু আজও সড়কে যানজট রয়ে গেছে।’
নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও লঞ্চের মালিক গোলাম কিবরিয়া টিপু বলেন, নির্ধারিত লঞ্চ ছাড়াও অতিরিক্ত ২০-২৫টি বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। যাত্রী চাহিদার ওপর নির্ভর করে বিশেষ লঞ্চ ছেড়ে যাবে।
ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মাকসুদা খন্দকার বলেন, টার্মিনাল এলাকায় যাত্রী হয়রানি এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন।
জরিমানা: সদরঘাট টার্মিনালে গতকাল অভিযান চালিয়ে একটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘাটে বরিশালগামী সুন্দরবন-২ নামের একটি লঞ্চ নোঙর করা ছিল। এ সময় সুরভি-৭ নামের অপর একটি লঞ্চ নোঙর করার সময় ওই লঞ্চকে ক্ষতিগ্রস্ত করে এবং জোর করে টার্মিনালে ঢোকার চেষ্টা চালায়। এ অপরাধে লঞ্চটিকে ওই অর্থ জরিমানা করেছেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান আদালতটির নেতৃত্ব দেন।