সদরঘাটে কুলিদের দৌরাত্ম্য, মদদ ঘাটশ্রমিক লীগ নেতার
ঈদুল ফিতর সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে কুলি ও ঘাটশ্রমিকদের দৌরাত্ম্যেÄনাজেহাল হচ্ছেন ঘরমুখো লাখো মানুষ। যাত্রীদের কাছ থেকে জোর করে নেওয়া হচ্ছে নির্ধারিত হারের চেয়ে কয়েক গুণ বেশি মজুরি। আর এসব ঘটনা ঘটছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনেই।
এদিকে ঘাটে যাত্রীদের হয়রানি বন্ধে ১০০ জন কুলিকে অস্থায়ী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কয়েক দিনের মধ্যেই এসব কুলির ঘাটে কাজ শুরু করার কথা। তাঁদের গায়ে থাকবে আকাশি রঙের পোশাক।
অভিযোগ রয়েছে, কুলিদের অনিয়মে মদদ দিচ্ছেন সদরঘাট নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ঘাটশ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন। আলমগীর হোসেন নিজেই ঘাটের ইজারাদার। কুলিদের বেশির ভাগই তাঁর পক্ষের কর্মী।
যাত্রীদের অভিযোগ, সদরঘাটের প্রবেশপথে ইজারাদারের লোকেরা ইচ্ছামতো টোল আদায় করেন। এ ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয় না। অন্যদিকে মালামাল পৌঁছে দেওয়ার পর অতিরিক্ত টাকা দাবি করেন কুলিরা।
গতকাল সোমবার সদরঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের ফটকে মালামাল নিয়ে যাত্রী আসার সঙ্গে সঙ্গেই ঘিরে ধরছেন কুলিরা। কোনো কথা বলার আগেই যাত্রীর কাছ থেকে জোর করে নেওয়া হচ্ছে মালামাল। হয়রানির ভয়ে অনেক যাত্রীই প্রতিবাদ করেন না। অথচ কুলিদের নিয়োগ দেওয়া হয়েছে কেবল ভারী মালামাল বহনের জন্য। কিন্তু ছোটখাটো সব ধরনের ব্যাগই তাঁরা যাত্রীদের কাছ থেকে নিয়ে নিচ্ছেন।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ঘাটে মালামাল বহনে কুলিদের মজুরি তালিকা অনধিক ১০ কেজি ওজনের মালের জন্য ১০ টাকা, ২০ কেজির জন্য ২০ টাকা ও ৩০ কেজির জন্য ৩০ টাকা, ৪০ কেজির ৪০ টাকা, ৬০ কেজির জন্য ৫০ টাকা, স্টিলের অথবা কাঠের আলমারি প্রতিটি ১০০ টাকা, কাপড়ের গাঁইট ৫০ টাকা, ফ্রিজ ৫০ টাকা, হার্ডওয়্যার ৪০ টাকা, মোটরসাইকেল ২৫ টাকা, বাইসাইকেল ২০ টাকা, সিলিংফ্যান বা অন্যান্য ২০ টাকা মজুরি নির্ধারণ করা রয়েছে। কিন্তু ঘাটে মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম মানছেন না কুলিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কুলি বলেন, দিনে কে কয়টা খ্যাপ পায় তার হিসাব রাখেন মহাজন। খ্যাপপ্রতি তাঁকে দিতে হয় অর্ধেক মজুরি।
পরিবারের সঙ্গে ঈদ করতে সৌদি আরব থেকে গতকাল দেশে এসেছেন রফিকুল ইসলাম (৩৫)। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালী। তিনি বলেন, ‘বিদেশ থেকে কাপড়চোপড় আনতে বিমানে খরচ লাগেনি। কিন্তু সদরঘাটে ইজারাদারদের দিতে হয়েছে এক হাজার ১০০ টাকা।’
বেলা দুইটার দিকে বরিশাল যাওয়ার উদ্দেশে সদরঘাটে আসেন নজরুল ইসলাম। তাঁর সঙ্গে ছিল একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন। এ জন্য ঢোকার সময়ই তাঁর কাছে ৭০০ টাকা দাবি করেন ইজারাদারের লোকেরা। কিছুক্ষণ কথা-কাটাকাটির পর ৫০০ টাকা রফা করে ৩ নম্বর ফটক দিয়ে ঢোকেন তিনি। নজরুল অভিযোগ করে বলেন, ‘ঘাটে ইজারাদারেরা ইচ্ছামতো টাকা চায়। চাহিদামতো টাকা না দিলে মাল আটকে রাখে। তাই বাধ্য হয়ে টাকা দিই।’
সূত্র জানায়, সদরঘাটে প্রবেশের ১৩টি ফটকের মধ্যে ১১টি ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে কুলিদের যন্ত্রণা থেকে যাত্রীদের রক্ষায় ২ ও ৩ নম্বর গেট ইজারা দেয়নি কর্তৃপক্ষ। কিন্তু ওই দুটি ফটকেও টাকা আদায় করছেন আলমগীর হোসেন। তবে এসব টাকা স্থানীয় একাধিক পক্ষের মধ্যে ভাগ বণ্টন হয়।
অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসেন বলেন, ঘাটে সরকার নির্ধারিত পরিমাণ টাকাই নেওয়া হচ্ছে। আর কোনো কুলি টাকা বেশি নিচ্ছেন কি না তা জানা নেই।
ঘাটে যাত্রীদের হয়রানির অভিযোগ স্বীকার করে করেছেন বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দর (সদরঘাট) যুগ্ম পরিচালক (বন্দর) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, যাত্রীদের হয়রানি বন্ধে ঘাটে ইতিমধ্যে ৭৭ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই কুলিদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে।
সাইফুল ইসলাম আরও বলেন, গত মাসে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ছয় জনকে থানায় দেওয়া হয়েছে। এ ছাড়া যাত্রী হয়রানি বন্ধে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি বিআইডব্লিউটিএর কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।