সদরঘাটে ঘরমুখো মানুষের দীর্ঘ অপেক্ষা
ঈদের আগে শেষ মুহূর্তেও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। যাত্রীদের ভিড় থাকায় টার্মিনালে তিল ধারণের ঠাঁই নেই। আর টার্মিনাল এলাকায় পর্যাপ্ত খাওয়ার পানি অভাব, কুলিদের দৌরাত্ম্য ও যানজটের কারণে দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা নানা দুর্ভোগের শিকার হচ্ছে।
এদিকে ভান্ডারিয়া, বরগুনা, আমতলী ও পিরোজপুর রুটে নৌযানের সংকট দেখা দিয়েছে। শত শত নারী-পুরুষ মালামাল ও পরিবার-পরিজন নিয়ে টার্মিনালে অপেক্ষা করছেন। যাত্রীদের ভিড় থাকায় পন্টুনে তিল ধারণের ঠাঁই নেই।
ঢাকা নদীবন্দর ও সদরঘাট টার্মিনাল সূত্রে জানা যায়, আজ সোমবার ভোর ছয়টা থেকে দক্ষিণাঞ্চলগামী শত শত নারী-পুরুষ তাঁদের পরিবার-পরিজন ও মালামাল নিয়ে টার্মিনালে আসতে থাকেন। দুপুর ১২টার পর টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে ভিড় বাড়তে থাকে।
আজ সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৭৮টি লঞ্চ বন্দর ছেড়েছে। এর মধ্যে ২৭টি নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টার আগেই বন্দর ছেড়ে গেছে। ছেড়ে যাওয়া সব লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই ছিল।
পাতাবুনিয়াগামী ইয়াদ লঞ্চের যাত্রী ইসতিয়াক আহমেদ বলেন, ‘যানজট এড়াতে সাভার থেকে সকাল আটটায় টার্মিনালে চলে এসেছি। গুলিস্তান থেকে টার্মিনালে আসতে ঘণ্টা খানেক সময় লেগেছে। সকালে এসেও ডেকে বসার ভালো জায়গা পাইনি। সড়কপথে যানজট এড়ানোর জন্য সকালে রওনা হই। কিন্তু তার পরও যানজট থেকে রেহাই পাইনি।’
ভাষানটেক থেকে আসা মুলাদিগামী অভিযান-৫ লঞ্চের যাত্রী সুমন বিশ্বাস বলেন, ‘টার্মিনাল এলাকায় হকারদের উত্পাতের কারণে আমরা নাজেহাল অবস্থায় আছি।’ তিনি বলেন, ‘অন্তত ঈদের মৌসুমে টার্মিনাল থেকে হকার উচ্ছেদ করা দরকার ছিল।’
পটুয়াখালীগামী কুয়াকাটা লঞ্চের ডেকের যাত্রী শরিফা বেগম জানান, ‘ডেকের ভাড়া লঞ্চের কর্মচারীরা ২৮০ থেকে ৩০০ টাকা দাবি করছেন। অথচ ১৫ দিন আগে ভান্ডারিয়া থেকে আসার সময় লঞ্চের ভাড়া নিয়েছিল ১৭০ টাকা।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘সরকারের লোকজন বলছে ভাড়া বেশি নেওয়া হবে না। কিন্তু মালিকেরা ঠিকই বেশি ভাড়া আদায় করছে।’
ফার্মগেট থেকে যাওয়া গৃহবধূ জেসমিন নূর বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে ফার্মগেট থেকে সদরঘাট টার্মিনালের উদ্দেশে রওনা দিই। কিন্তু গুলিস্তান, রায়সাহেব বাজার, তাঁতিবাজার ও ভিক্টোরিয়া পার্কে যানজটের কারণে বেলা সোয়া একটার সময় টার্মিনালে এসে পৌঁছাই।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘বেলা একটার সময় শরীয়তপুরের উদ্দেশে একটি লঞ্চ ছেড়ে যায়। সে লঞ্চে আমার প্রথম শ্রেণীর একটি কেবিন বুকিং নেওয়া ছিল। যানজটের কারণে আমি লঞ্চ মিস করলাম। এখন পরবর্তী লঞ্চের জন্য অপেক্ষা করছি।’
ঢাকা নদীবন্দরের যুগ্ম আহ্বায়ক প্রিন্স আওলাদ হোসেন বলেন, যেসব লঞ্চ আজ সকাল থেকে বন্দর ছেড়ে গেছে, সেগুলো সন্ধ্যা সাত-আটটার দিকে ফিরে এলে নৌযানের সংকট থাকবে না। ফলে যাত্রীরা যার যার গন্তব্যে পৌঁছাতে পারবে।
নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মফিজুর রহমান বলেন, যাত্রীদের হয়রানি, লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন রোধসহ হকারদের উচ্ছেদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা ও কর্মচারীরা তত্পর রয়েছেন।