সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। ছবিটি আজ দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: ইকবাল হোসেন, কেরানীগঞ্জ
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। ছবিটি আজ দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: ইকবাল হোসেন, কেরানীগঞ্জ

ঈদের বাকি এক বা দুই দিন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম লঞ্চ। আজ রোববার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের ভিড়। লঞ্চঘাটে হকার ও কুলিদের দৌরাত্ম্য এবং লঞ্চে কাঙ্ক্ষিত আসন না পাওয়ায় কিছুটা দুর্ভোগ পোহালেও প্রিয়জনের সঙ্গে ঈদ করবেন সেই আনন্দে উদ্বেলিত সবাই।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, আজ সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ করা যায়। লঞ্চ ছাড়ার নির্ধারিত সময় রাতে হলেও অনেকে কাঙ্ক্ষিত আসন পেতে সকাল থেকেই সদরঘাটে এসেছেন।

সকাল থেকে দুপুর ১২টা নাগাদ ৩৪টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে সদরঘাট ছেড়ে গেছে। দক্ষিণাঞ্চলগামী এসব লঞ্চে ছাদে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়। অনেক লঞ্চে মাঝপথে নৌকা থেকে যাত্রী তোলা হয়। এ ছাড়া আমতলী, ভোলা ও বরগুনাসহ বেশ কয়েকটি রুটে লঞ্চ-সংকটের অভিযোগ করেছেন যাত্রীরা।
পটুয়াখালীগামী এমভি বাগেরহাট-২ লঞ্চের যাত্রী শাহ আলম মিয়া জানান, সকাল থেকে বৃষ্টি ও যানজট উপেক্ষা করে টার্মিনালে এসেছেন। টার্মিনালে এসে যাত্রীদের ভিড় দেখে লঞ্চে উঠতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় ছিলেন তিনি। তবে লঞ্চে উঠতে পেরেই সন্তুষ্ট তিনি।
যাত্রাবাড়ী থেকে আসা আমতলীর যাত্রী বোরহান মিয়া জানান, তিনি সেহরি খেয়েই সদরঘাটে এসেছেন। কিন্তু লঞ্চ না পাওয়ার অভিযোগ করেন তিনি। অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা (যাপ) ও ঢাকা নদীবন্দরের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, আগের দিন ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো ফেরত এলে সংকট থাকবে না।

এ দিকে আজ সকালে কিছু পোশাকশ্রমিক লঞ্চে উঠে নির্ধারিত সময়ের আগেই লঞ্চ ছাড়ার জন্য চিত্কার করতে থাকেন। পরে লঞ্চ না ছাড়ায় তাঁরা এমভি ফ্লোটিলা, পাতারহাট ও ফারহান-৪সহ কয়েকটি লঞ্চের চেয়ার, টেবিল, লাইট ও সাইনবোর্ড ভাঙচুর করেন। পরে আনসার ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার (যাপ) চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহম্মেদ জানান, কিছু উচ্ছৃঙ্খল যুবক লঞ্চে উঠেই লঞ্চ ছাড়ার জন্য চিত্কার করতে থাকেন। পরে তাঁরা ভাঙচুর চালান। নির্ধারিত সময়ে লঞ্চ ছাড়া হবে বলে জানান তিনি।