সদরঘাটে দিনরাত একাকার
ঈদের আগমুহূর্তে এখন ভোর থেকে রাত পর্যন্ত গমগম করছে সদরঘাট নৌ টার্মিনাল। সারাক্ষণই একটার পর একটা লঞ্চ ছেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে। প্রতিটি লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী। তবে যাত্রীরা বলছে, তাদের মূল ভোগান্তি লঞ্চঘাটে আসার পথের যানজট। পুরান ঢাকার তাঁতীবাজার মোড় থেকে রায়সাহেব বাজার, ভিক্টোরিয়া পার্ক ও সদরঘাট এলাকায় যানজট লেগেই রয়েছে।
গতকাল শনিবার সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, লঞ্চ ছাড়ার নির্ধারিত সময়ের অনেক আগেই ঘাটে চলে আসছে যাত্রীরা। সকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সদরঘাট টার্মিনাল থেকে ১১৭টি লঞ্চ ৪১টি রুটে ছেড়ে গেছে।
পটুয়াখালীগামী ঈগল-৩ লঞ্চের যাত্রী সোহেল মিয়া (৪২) জানান, ‘গত বছর টার্মিনালে এসে পন্টুনে ধাক্কাধাক্কি করে লঞ্চে উঠেছিলাম। হকারদেরও উৎপাত ছিল। এবার টার্মিনালে হয়রানি তেমন নেই। তবে পন্টুনে যাত্রীদের চাপ।’
বরিশালগামী সুরভী-৯ লঞ্চের যাত্রী ফরিদা ইয়াসমিন জানান, যানজটের কারণে গুলিস্তান থেকে সদরঘাটে পৌঁছাতে ঘণ্টাখানেক সময় লেগে যায়।
নৌ পুলিশের অতিরিক্ত সুপার হাতেম আলী বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য তাঁরা টার্মিনাল ও নদীতে তৎপর রয়েছেন। কোনো অবস্থাতেই লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হচ্ছে না।
সুন্দরবন লঞ্চের পরিচালক জন্টু মিয়া বলেন, ভোর থেকেই যাত্রীর চাপ রয়েছে। লঞ্চের ছাদে যাত্রী বহন করা হচ্ছে না। তবে তাঁর অভিযোগ, লঞ্চে যাত্রী না ভরতেই কর্তৃপক্ষ ঘাট থেকে লঞ্চ ছাড়তে বাধ্য করছে।
এ বিষয়ে জানতে চাইলে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক খান প্রথম আলোকে বলেন, কোনো অবস্থাতেই ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ছাড়তে দেওয়া হবে না।
লঞ্চের ধাক্কায় নৌকাডুবি
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সদরঘাটে সুন্দরবন-১১ ও ঈগল-৩ নামের দুটি লঞ্চ টার্মিনালে ভেড়ার সময় ধাক্কাধাক্কিতে একটি খেয়া নৌকা ডুবে যায়। নৌকার চার যাত্রীর মধ্যে তিনজন সাঁতরে উঠে আসতে সক্ষম হলেও এক নারীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৮টায় বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নাদিরুজ্জামান প্রথম আলোকে জানান, তিনি জানতে পেরেছেন ওই নারী অপর একটি নৌকায় উঠে কেরানীগঞ্জ চলে গেছেন।