সদরঘাটে দুর্ভোগের শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদরঘাট টার্মিনালের ভেতরে এভাবে ঘুরে বেড়ায় বেওয়ারিশ কুকুর। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
সদরঘাট টার্মিনালের ভেতরে এভাবে ঘুরে বেড়ায় বেওয়ারিশ কুকুর। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

শত শত যানবাহন। তীব্র জটলা। অগত্যা রিকশা-অটোরিকশা থেকে নেমে সন্তান কোলে, মালামাল কাঁধে ছুটে চলার চেষ্টা বাবা-মায়ের। অনেক কষ্টে সদরঘাট টার্মিনালে ঢুকেই মুখোমুখি পদে পদে বিড়ম্বনার।
গত বৃহস্পতিবার বিকেলে যাত্রীদের দুর্ভোগের দৃশ্য দেখা গেল সদরঘাট টার্মিনাল এবং এর চারদিকের রাস্তায়। সবখানেই অব্যবস্থাপনা। গতকাল শুক্রবারও দেখা গেছে যাত্রী হয়রানি। টার্মিনালে ভিআইপি ও প্রথম শ্রেণির কক্ষগুলোর সামনে বেওয়ারিশ কুকুর ঘুরে বেড়াচ্ছে। বসে আছেন ভিক্ষুক, আড্ডা দিচ্ছেন ভবঘুরেরা।
এলাকার দোকানি এবং ভুক্তভোগীরা বলেন, সাপ্তাহিক ছুটির আগে বলে বৃহস্পতিবার বাড়ির দিকে যাওয়া যাত্রীদের চাপ থাকে বেশি। এ জন্য ভোগান্তিও বাড়ে। গতকাল রাস্তায় ভিড় ছিল না, কিন্তু টার্মিনালে যাত্রী বিড়ম্বনা ছিল প্রচণ্ড।
টার্মিনালে আসার ভোগান্তি: স্ত্রী ও ছোট দুই সন্তান নিয়ে বেলা তিনটায় সিএনজিচালিত অটোরিকশায় বাসাবো থেকে যাত্রা শুরু করেছিলেন হাসানুর রহমান। অনেক পথ পাড়ি দিয়ে ভিক্টোরিয়া পার্কের উত্তর দিকে রাস্তায় প্রায় আধা ঘণ্টা আটকা। চারদিকে শত শত যানবাহনের ভিড়ে আটকে থাকে তাঁদের সিএনজি। বিকেল পাঁচটা বাজে। ছয়টায় তাঁদের লঞ্চ। সময় নেই। তারপরও এই প্রতিবেদকের কাছে ভোগান্তির বর্ণনা দিয়ে হাসানুর বললেন, এত আগে রওনা হয়েও কোনো লাভ হলো না। অবশেষে তিনি সিএনজির ‘ওয়েটিং ফি’সহ ৪০০ টাকা চালকের হাতে গুঁজে দিয়ে এক সন্তানকে কোলে নিলেন, কাঁধে নিলেন মালামাল। তাঁর স্ত্রীরও একই অবস্থা। হেঁটেই রওনা দিলেন লঞ্চ টার্মিনালের দিকে।
দেখা গেল, ভিক্টোরিয়া পার্কের কাছে ত্রিমুখী যানজট। রিকশা ও সিএনজির বেশির ভাগ আরোহী সদরঘাট যাওয়ার অপেক্ষায়। লক্ষ্মীবাজারের দিক, নর্থব্রুক হল রোডের দিক, জনসন রোডের দিক—সব পথেই যানবাহন প্রায় স্থবির হয়ে আছে।
টার্মিনালের সামনে দেখা গেল, এক যাত্রী ছোটার চেষ্টা করছেন আর হাঁপাচ্ছেন। বললেন, তাঁর ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশা ভিক্টোরিয়া পার্ক থেকে নর্থব্রুক হল হয়ে লালকুঠি পর্যন্ত এসে থেমে গেছে।
আরও বিড়ম্বনা টার্মিনালে: বৃহস্পতিবার নৌমন্ত্রী শাজাহান খান টার্মিনালে আসায় বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টার্মিনাল কর্তৃপক্ষ বেশ তৎপর ছিল। হকার ও দালালদের উপদ্রব ছিল না। মন্ত্রী যাওয়ার পর অবস্থা আবার আগের মতো। রাত আটটার দিকে দেখা যায়, টার্মিনালের পন্টুনে যাত্রীদের চলাচলের জায়গার প্রায় অর্ধেকটা হকারদের দখলে। বিস্কুট-পাউরুটির দোকান, ফলমূল, পানির বোতল রাখা হয়েছে অগোছালোভাবে। এক যাত্রী তাঁর লঞ্চ পাচ্ছেন না। চলতি পথে এক ফলওয়ালার কাছে জানতে চাইলেন, ‘বরিশাল যাওয়ার পারাবত-৮ কোনদিকে?’ জবাবে হকার বললেন, ‘আগে কন, আপেল লাগব না আঙুর লইবেন, পরে দেখাইয়া দিতাছি।’
এর মধ্যেই দালালেরা মালামাল ধরে টানছেন, ‘বরিশাল, না পটুয়াখালী? ভোলা, বরগুনা না ঝালকাঠি? কেবিন আছে, ডেকে চাদর পাতা আছে।’
পন্টুনের ওপরের অংশে লঞ্চগুলোর গন্তব্য স্থানের নাম টানানো আছে। কিন্তু লঞ্চগুলো নির্দিষ্ট জায়গায় যেতে পারছে না। যেটি যেখানে পারছে ঢুকে পড়ছে। পাশের লঞ্চের যাত্রীরা হুমড়ি খাচ্ছেন। খেয়ানৌকা ধাক্কা খাচ্ছে লঞ্চের গায়ে।
গতকাল বিকেলে কোনো আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যকে দেখা যায়নি।
জানতে চাইলে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ট্রাফিক) জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, লঞ্চমালিকদের সঙ্গে বৈঠক হয়েছে, কোনো লঞ্চ যাতে বেপরোয়াভাবে ঘাটে ভিড়তে না পারে এবং লঞ্চকর্মীরা যাতে ঝামেলা না করতে পারে, শিগগিরই তার ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী বলেন, নৌ পুলিশকে বন্দরে কোনো কক্ষ দেওয়া সম্ভব না হওয়ায় তারা কাজ করতে পারছে না। তবে কোস্টগার্ডরা নদীতে কাজ করছেন।