সদরঘাটে ব্যবসায়ীদের সংঘর্ষ
রাজধানীর সদরঘাট এলাকায় গতকাল সোমবার দুপুরে দুটি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদরঘাট এলাকার সাউথ প্লাজা মার্কেটের সি এম এন্টারপ্রাইজের মালিক মতিউর রহমান ও লেডিস মার্কেটের ব্যবসায়ী মো. নবীর মধ্যে দেনাপাওনাসংক্রান্ত বিষয় নিয়ে বাগিবতণ্ডার জের ধরেই সংঘর্ষ শুরু হয়। বেলা একটার দিকে সাউথ প্লাজা মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে লেডিস মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। পরে মো. নবীর পক্ষ নিয়ে সাউথ প্লাজার ব্যবসায়ীদের বিরুদ্ধে সংঘর্ষে নামেন সদরঘাটের নৌযান শ্রমিক লীগের লোকজন। প্রায় ঘণ্টা খানেক পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১৫/২০ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশের গুলি ও ইটপাটকেলের আঘাতে ১৭ জন আহত হন।
সাউথ প্লাজা মার্কেটের ব্যবসায়ী মতিউর রহমানের ছোট ভাই মো. শিমুল জানান, মো. নবীর কাছে তাঁর ভাই প্রায় পৌনে তিন লাখ টাকা পেতেন। বেশ কিছুদিন ধরে তাগাদা দিয়েও সেই টাকা উদ্ধার করা যাচ্ছিল না। গত শনিবার দেখা হলে তাঁর ভাই (মতিউর) নবীর কাছে টাকা চান। এর কিছুক্ষণ পরে সদরঘাট নৌকা মাঝি শ্রমিক লীগের নেতা পাপন ও মিঠু এসে নবীর পক্ষ নিয়ে সাউথ প্লাজা মার্কেটে এসে তাঁর ভাই মতিউরসহ আসলাম, ইয়াকুব ও মোসলেমকে মারধর করেন। ব্যবসায়ীরা মার্কেট কর্তৃপক্ষের কাছে বিচার চাইলে গতকাল এ বিষয়ে কোতোয়ালি থানায় মীমাংসা করার কথা হয়। সে অনুযায়ী গতকাল বেলা ১১টার দিকে কোতোয়ালি থানায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে নবীর লোকজন থানা থেকে বের হয়ে সাউথ প্লাজা মার্কেটের লোকজনের ওপর হামলা চালান। তবে লেডিস মার্কেটের কাপড় ব্যবসায়ী হেলাল উদ্দিনের অভিযোগ, তাঁরা কারও সঙ্গে মারামারি করতে যাননি। সাউথ প্লাজা মার্কেটের লোকজন এসে তাঁদের ওপর হামলা করেছেন।
সদরঘাট নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন বলেন, ব্যবসায়ীদের সঙ্গে লেনদেনের জের ধরে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রমিকেরা জড়িত নন। কোতোয়ালি থানার উপপরিদর্শক গোলাম রসুল জানান, দুই পক্ষের দেনাপাওনার জের ধরে এ ঘটনার সূত্রপাত হয়েছে। পুলিশ চারজনকে আটক করেছে। এ ব্যাপারে কোনো পক্ষের লোকজন এখনো মামলা করতে আসেনি।