সদরঘাটে মানুষের ঢল
ঈদুল ফিতর যত কাছে আসছে, সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় তত বাড়ছে। গতকাল রোববার উপচে পড়া ভিড় ছিল দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতে। বেশির ভাগ লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল বিকেলে সদরঘাট টার্মিনাল পরিদর্শন করেন।
সদরঘাট টার্মিনাল সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্ধারিত সময়ের আগে ২৭টি লঞ্চ ঢাকা নদীবন্দর ছেড়ে যায়। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার নারী-পুরুষ পরিবার-পরিজন ও মালামাল নিয়ে টার্মিনালে চলে আসে। দুপুর ১২টার পর টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় বেড়ে যায়। ভিড়ের মধ্যে হকারদের দৌরাত্ম্য দুর্ভোগ বাড়িয়ে দেয় মানুষের। বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত টার্মিনালে হকার উচ্ছেদে অভিযান চালালেও তেমন কাজ হয়নি।
বরিশালগামী সুন্দরবন-৭ লঞ্চের যাত্রী আক্কাস আলী বলেন, সন্ধ্যা ছয়টায় লঞ্চ ছাড়বে। যানজট এড়ানোর জন্য তিনি মিরপুর থেকে আগেভাগেই রওনা হন। কিন্তু কাজ হয়নি। গুলিস্তান থেকে টার্মিনালে আসতেই তাঁর ঘণ্টা খানেক লেগেছে।
পটুয়াখালীগামী কাজল-৭ লঞ্চের যাত্রী সোহেল আহমেদ বলেন, টার্মিনাল এলাকায় হকারদের উৎপাত ও ফলের দোকানের কারণে লঞ্চে উঠতে বেগ পেতে হয়েছে। তিনি আরও বলেন, অন্তত ঈদ মৌসুমে টার্মিনাল থেকে হকারদের উচ্ছেদ করা উচিত ছিল।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে বলেন, যাত্রীদের হয়রানি রোধ ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের একাধিক দল সড়কে দায়িত্ব পালন করছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গতকাল দুপুরে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদের নেতৃত্বে সদরঘাট টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। টার্মিনালের পন্টুন এলাকার সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান বসানোর অপরাধে সাজ্জাদ ফুডস অ্যান্ড বেকারি, ভাই ভাই স্টোর ও হাবিবা কনফেকশনারির মালিককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নৌমন্ত্রীর টার্মিনাল পরিদর্শন: নৌপরিবহনমন্ত্রী বিকেলে সদরঘাট টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এবার সদরঘাটের অবস্থা খুবই ভালো। পন্টুন বৃদ্ধি করার কারণে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে। টিকিট কাউন্টার বাড়ানোর ফলে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারছে। বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত যাত্রী বহন ও ত্রুটিপূর্ণ লঞ্চ যাতে টার্মিনাল ছেড়ে যেতে না পেরে সেদিকে কর্তৃপক্ষ নজর রাখছে।