সদরঘাটে লঞ্চ থেকে পড়ে এক হকারের মৃত্যু
রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনাল এলাকায় লঞ্চ থেকে নদীতে পড়ে এক হকারের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. হারুন মিয়া (৪২)। লাফিয়ে এক লঞ্চ থেকে আরেক লঞ্চে যাওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে ডুবে যান তিনি।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে পানিতে তলিয়ে যাওয়ার পর বিকেল চারটার দিকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
হারুনের স্ত্রী কাজল বেগম বলেন, তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। ঢাকায় তাঁরা দক্ষিণ কেরানীগঞ্জের জিয়ানগরে ভাড়া থাকেন।
সদরঘাট নৌ-পুলিশের পরিদর্শক মো. রুবেল বলেন, টার্মিনাল ও লঞ্চে হকার ওঠার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু হারুন তা অমান্য করেই লঞ্চে উঠেছিলেন। তিনি লাফিয়ে এক লঞ্চ থেকে আরেক লঞ্চে যাওয়ার সময়, পা পিছলে বুড়িগঙ্গায় পড়ে যান। এরপর বেলা চারটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা হারুনের মৃতদেহ উদ্ধার করেন।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, হারুনের লাশ আপাতত সদরঘাটে রাখা হয়েছে। তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।