সদরঘাটে লঞ্চ ভেড়াতে বাধা যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সদরঘাটে গতকাল রোববার অধিকাংশ লঞ্চ ভিড়তে দেওয়া হয়নি। ভেড়ার চেষ্টা করলে লঞ্চের কর্মচারী, এমনকি সাধারণ যাত্রীদেরও মারধরের চেষ্টা করা হয়েছে। সদরঘাটে ভিড়তে না পেরে কয়েকটি লঞ্চ আশপাশের এলাকায় গিয়ে যাত্রী নামায়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।অভিযোগ উঠেছে, শ্রমিক লীগের কর্মীরা লঞ্চ ভেড়াতে বাধা দিয়েছেন। বিরোধী দলের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিতে দক্ষিণাঞ্চল থেকে নেতা-কর্মী আসা ঠেকাতেই এমনটা করা হয়েছে।আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীমুখী সড়ক ও নৌযোগাযোগ নানা অজুহাতে বন্ধ করে দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার ভোর ছয়টার দিকে বরিশাল থেকে এমভি সুন্দরবন-৮ নামের একটি লঞ্চ যাত্রী নিয়ে সদরঘাটে ভেড়ার চেষ্টা করে। এ সময় লাল পোশাক পরা শ্রমিক লীগের নেতা-কর্মীরা লঞ্চটি ঘাটে ভেড়াতে বাধা দেন। এর পরও লঞ্চটি ঘাটে ভিড়ে যাত্রী নামানোর চেষ্টা করলে তাঁরা লঞ্চে উঠে এর কর্মচারী ও সাধারণ যাত্রীদের মারধরের চেষ্টা করেন। অবস্থা বেগতিক দেখে লঞ্চ কর্তৃপক্ষ সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চটি সরিয়ে নিয়ে মিলব্যারাক পন্টুনে ভেড়ায়। সেখানে যাত্রী নামানোর সময় লাল পোশাক পরা শ্রমিক লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ট্রলারযোগে এসে কর্মচারী ও যাত্রীদের মারধরের চেষ্টা করেন। পরে লঞ্চটি বুড়িগঙ্গা প্রথম সেতুর কাছে পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় যাত্রীদের নামিয়ে দেয়। নির্ধারিত স্থানে নামতে না পেরে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।এমভি সুন্দরবন-৮ লঞ্চের কর্মচারী আবদুস সালাম অভিযোগ করেন, লঞ্চটি সদরঘাট টার্মিনালে ভেড়াতে গেলে পুলিশের উপস্থিতিতে লাল পোশাক পরা শ্রমিকেরা বাধা দেন এবং লাঠিসোঁটা নিয়ে মারতে আসেন। অবস্থা বেগতিক দেখে লঞ্চ মিলব্যারাক ঘাটে ভেড়ানোর চেষ্টা করলে ওই শ্রমিকেরাই ট্রলারযোগে এসে যাত্রী নামাতে বাধা দেন। পরে পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।বোরহানউদ্দিন থেকে আসা গাজী এক্সপ্রেস-৪ লঞ্চের যাত্রী আমেনা বেগম (৩৮) অভিযোগ করেন, সদরঘাট টার্মিনাল এলাকায় লোকজন লাঠিসোঁটা নিয়ে বসে ছিল, তাই লঞ্চটি ফরাশগঞ্জ পন্টুনে ভেড়ানো হয়। সেখানেই তাঁকে নামতে হয়েছে। অপর যাত্রী আবদুল কুদ্দুস জানান, ফরাশগঞ্জ পন্টুন থেকে নামতে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি ছোট সাঁকোটি ভাঙা থাকায় কয়েকজন যাত্রী পড়ে গিয়ে আহত হন।বরিশাল থেকে আসা এমভি টিপু-৫ লঞ্চের যাত্রী মঞ্জু মিয়া (৩৭) অভিযোগ করেন, তাঁদের লঞ্চটি সদরঘাটে ভিড়তে চাইলে পুলিশের উপস্থিতিতে লাল পোশাক পরা শ্রমিকেরা বাধা দেন। এ কারণে লঞ্চটি মাঝ নদীতে অবস্থান নেয়। সেখান থেকে তিনি নৌকায় করে তীরে পৌঁছান।ডামুড্যাগামী যাত্রীবাহী এমভি প্রিন্স অব আওলাদ লঞ্চের মালিক প্রিন্স আওলাদ জানান, ভোর ছয়টার দিকে তাঁর দুটি লঞ্চ টার্মিনালে ভেড়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকদের বাধায় ভিড়তে পারেনি। পরে কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় যাত্রীদের নামিয়ে দেয়।এদিকে চাঁদপুরগামী যাত্রী রাকিবুল হাসান (৩৫) জানান, তিনি সকাল আটটার দিকে সদরঘাট টার্মিনালে গিয়ে চারটি ফটকের মধ্যে তিনটিতে তালা ঝুলতে দেখেন। সেখানে পুলিশও রয়েছে। পাশে লাল পোশাকের শ্রমিকেরা জটলা করছেন। তিনি ভয়ে অন্য ঘাট দিয়ে চাঁদপুরগামী লঞ্চে উঠেছেন।জাতীয় শ্রমিক লীগ ঢাকা নদীবন্দর শাখার সভাপতি ও কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন শ্রমিক লীগের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘বাধা দিতে নয়, বরং যাত্রীদের সহজে নামতে সাহায্য করার জন্য আমাদের শ্রমিকেরা সদরঘাট টার্মিনালে বসে ছিলেন।’যোগাযোগ করা হলে ঢাকা নদীবন্দরের উপপরিচালক শহিদুল ইসলাম বলেন, ‘লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীর উপস্থিতি কম। আর টার্মিনালের ফটকে তালা ঝোলানোর বিষয়ে কোনো অভিযোগ পাইনি।’ঢাকা নদীবন্দর সূত্র জানায়, রোববার ভোর ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে ৪৭টি যাত্রীবাহী লঞ্চ টার্মিনালে এসেছে, বন্দর ত্যাগ করেছে নয়টি।