সদরঘাটে লঞ্চযাত্রীদের উপচে পড়া ভিড়

দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। গতকাল বেলা তিনটার পর থেকে টার্মিনালের পন্টুনে তিল ধারণের ঠাঁই ছিল না। বেশির ভাগ লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা নদীবন্দর ত্যাগ করেছে।
সদরঘাট টার্মিনাল সূত্রে জানা গেছে, গতকাল নির্ধারিত সময়ের আগে ৬৪টি লঞ্চ ছেড়ে যায়।
মাদারীপুরগামী পারাবত-১৫ লঞ্চের যাত্রী সালেহ আহমদ বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টায় লঞ্চ ছাড়বে। কিন্তু যানজট এড়ানোর জন্য মিরপুর থেকে বেলা দুইটার দিকে টার্মিনালে চলে এসেছি।’ আরেক লঞ্চযাত্রী বলেন, ‘লালমাটিয়া থেকে টার্মিনালে আসতে প্রায় দুই ঘণ্টা লেগেছে।’
ডিএমপি কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) জানে আলম মুন্সী বলেন, সদরঘাটগামী লঞ্চের যাত্রীদের হয়রানি ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের একাধিক টিম সড়কে দায়িত্ব পালন করছে।
অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার উপদেষ্টা গোলাম কিবরিয়া বলেন, পোশাক কারখানা ছুটি হলে কাল (আজ) যাত্রীদের চাপ বাড়বে।