সদরঘাটের বাঁশিওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গার ছোট ছোট ঢেউয়ে বিকেলের রোদ। লঞ্চযাত্রীরা সদরঘাটের টার্মিনালে আসতে শুরু করেছেন। লঞ্চের সাইরেন, লোকজনের তারস্বরে হাঁকডাক—বরিশাল-হিজলা-পটুয়াখালী-ভোলা…। ঘাটের টার্মিনাল পন্টুনগুলোতে (লঞ্চে ওঠা-নামার সংলগ্ন স্থান) পা ফেলার জায়গা নেই। লঞ্চ আর লোকজনের এই কোলাহল আর শব্দের মধ্যেই দূর থেকে ভেসে আসছে বাঁশির সুর। সেই সুর অনুসরণ করতে করতে দেখা গেল বাঁশিওয়ালাকে।
বেগুনি রঙের শার্ট, কফি রঙের প্যান্ট। আর কাঁধ থেকে সামনের দিকে ঝোলানো থলে থেকে মাথা উঁচু করে বেরিয়ে আছে ছোট-বড় বেশকিছু বাঁশি। সদরঘাটে পাঁচ-ছয় বছর ধরে বাঁশি বিক্রি করছেন আমজাদ হোসেন। দাঁড়ানোর সময় নেই লোকজনের। তবু কিছু উৎসুক লোকের দেখা মেলে, যারা বাঁশি কেনেন আর সুর শুনতে দাঁড়িয়ে পড়েন তাঁর চারপাশে।
বাঁশিতে সুর তোলা আর বেচাকেনার ফাঁকে কথা হয় আমজাদ হোসেনে সঙ্গে। বয়স তাঁর ৬৫ বছর, বাড়ি বরগুনা জেলার বেতাগি। বাঁশি বাজানো শিখেছেন শখ করে। বয়স তখন নয় বছর। পরে টানা ১২ বছর শিখেছেন ওস্তাদ অজিত নট্টের কাছ থেকে। তিনি যাত্রার দলে বাঁশি বাজাতেন। ওস্তাদের সঙ্গে আমজাদ যাত্রাদলে বাজিয়েছেন কিছুদিন। তখন সংসারের দায় ছিল না। খাওয়া-পরা নিয়েও বিশেষ চিন্তা ছিল না কিছু। তিনি বলেন, ‘একসময় বেতারে শিল্পী আবদুল আলিমের ছেলে জহির আলিমের সঙ্গে বাঁশি বাজায়েছি। মোস্তফা জামান আব্বাসীর “ভরা নদীর বাঁকে” অনুষ্ঠানে বাঁশি বাজায়েছি। তা ছাড়া পাহাড়িয়া মন নামে একটি ছবির গানে আমার বাজানো বাঁশির সুর আছে। তবে ছবিটা মুক্তি পায় নাই এখনো।’ বরিশাল বেতারেও বাঁশি বাজিয়েছেন আমজাদ হোসেন। ডাক পড়লে এখনো যান। এর বাইরে কোনো জায়গা থেকে ডাক আসে। মাসে দু-তিনটি অনুষ্ঠানে বাঁশি বাজান। আমজাদ হোসেন জানালেন যাত্রাদলে বেশি দিন থাকেননি। একসময় সংসারও হয়েছে। শখের বাঁশিকেই নিয়েছেন পেশা হিসেবে। প্রথম দিকে নিজেই বাঁশি তৈরি করে বিক্রি করতেন। এরপর কুমিল্লা থেকে পাইকারি কিনে এনে ঢাকায় খুচরা বিক্রি করেন।
এখন বছরের বেশির ভাগ সময় সদরঘাট লঞ্চ টার্মিনালে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বাঁশি বাজান আর বিক্রি করেন। থাকেন ঢাকার ওয়াইজঘাটে। মাঝেমধ্যে গ্রামের বাড়ি চলে যান। চার-পাঁচ মাস থাকেন। সেখানে বিভিন্ন মেলায়, বাউলগানের আসরে বাঁশি বাজিয়ে রুটি-রুজির ব্যবস্থা হয়। পরিবারের জন্য এখন মাসে ১৫ হাজার টাকা খরচ আছে। কোনোমতে চলে যায় এই দিয়ে।
সদরঘাটে আমজাদ হোসেনের বাঁশির ক্রেতার সংখ্যাও কম নয়। বাঁশির সুরে আকৃষ্ট হয়ে অনেকেই কেনেন। লঞ্চঘাটে তাঁর সঙ্গে কথা বলার সময়ই বরিশালের যাত্রী গৌরনদী সরকারি কলেজের ছাত্র জুলহাস ১২ স্কেলের একটা বাঁশি কিনলেন ৬০ টাকা দিয়ে। তিনি বলেন, ‘আমি বাঁশি বাজাতে শিখেছি আগেই। তবে সময়ের অভাবে বাজাতে পারি না। ওনার বাঁশি বাজানো শুনে আমারও বাজাতে ইচ্ছা হলো। তাই বাঁশি কিনলাম।’