ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ এনে অবিলম্বে তাঁর অপসারণ দাবি করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ। গতকাল রোববার উপজেলা মিলনায়তন ‘দরবার হল’-এ এক সভায় এ দাবি জানানো হয়। শিগগিরই ওই পুলিশ কর্মকর্তাকে অপসারণ করা না হলে ঈদের পর অবরোধসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে সভায় ঘোষণা করা হয়।সংরক্ষিত আসনের নারী সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সালেহা মোশাররফ ওই সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের দুই সহসভাপতি আ. মতিন হাওলাদার ও সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু আলম মৃধা, যুবলীগের প্রাণনাথ চৌধুরী প্রমুখ। বক্তারা ওসি মোহাম্মদ আলীর বিরুদ্ধে ঘুষ নেওয়া, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করাসহ বিভিন্ন অভিযোগ আনেন।এ ব্যাপারে ওসি মোহাম্মদ আলী বলেন, ‘নারী সাংসদ সালেহা মোশাররফের এক আত্মীয় সদরপুর হাসপাতালসংলগ্ন জায়গায় অবৈধভাবে ঘর তুলতে গেলে পুলিশ বাধা দেয়। এর পর থেকেই দ্বিধাবিভক্ত উপজেলা আওয়ামী লীগের ওই অংশটি আমার ওপর ক্ষুব্ধ।’