সদরপুরে আট ইউপির মধ্যে ছয়টিতেই আ.লীগের হার
ফরিদপুরের সদরপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে মাত্র দুটিতে জিততে পেরেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা। ভোটাররা এর মধ্য দিয়ে ফরিদপুরের সন্তান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহকে প্রত্যাখ্যান করেছেন বলে মনে করছেন দলটির নেতা-কর্মীরা।
ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে গত শনিবার সদরপুরের ওই আটটি ইউপিতে নির্বাচন হয়। এতে উপজেলার বিষ্ণুপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মোয়াজ্জেম হোসেন ও চরমাই ইউপিতে দলটির আইউব আলী চেয়ারম্যান নির্বাচিত হন। বাকি ছয়টির মধ্যে চারটিতে জিতেছেন স্থানীয় স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী-সমর্থিত প্রার্থীরা। তাঁরা হলেন সদর ইউপিতে শহীদুল ইসলাম, ঢেউখালী ইউপিতে ওমর ফারুক, দিয়ারা নারকেলবাড়িয়া ইউপিতে মো. নাসিরউদ্দিন ও ভাষাণচর ইউপিতে মো. ছমির ব্যাপারী। অন্য দুটি ইউপিতে জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী। তাঁরা হলেন চর নাসিরপুর ইউপিতে আক্কাস আলী ও আকটের চর ইউপিতে মনিরুল ইসলাম।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয় ও স্বতন্ত্র সাংসদ-সমর্থিত প্রার্থীদের বিজয়ে দলটিতে নানা প্রশ্ন ও বিতর্কের জন্ম হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারিজুর রহমান প্রথম আলোকে বলেন, সদরপুরের ইউপিগুলোতে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন ভালো হয়নি। যাঁদের মনোনয়ন পাওয়া উচিত ছিল, তাঁদের মনোনয়ন দেওয়া হয়নি। আওয়ামী লীগের নেতা কাজী জাফরউল্যাহ দলীয় প্রার্থী মনোনয়ন দেন। এ জন্য আওয়ামী লীগের স্থানীয় ভোটাররা দলের নয়, কাজী জাফরউল্যাহর বিরোধিতা করেছেন। অন্যদিকে, স্বতন্ত্র সাংসদ নিক্সন চৌধুরী যেভাবে এলাকার লোকজনের সঙ্গে মিশে তাদের মন জয় করে নিয়েছেন, কাজী জাফরউল্যাহ তেমনটি পারেননি।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু আজম রেজার বক্তব্যও তেমনটিই। তিনি বলেন, প্রার্থী ভালো না হওয়ায় আওয়ামী লীগ হেরেছে।