সদরপুরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ কার্যালয়ে তালা
খেত-খামারে বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে শত শত কৃষক মিছিল করে ফরিদপুরের সদরপুরের আটরশিতে অবস্থিত বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করেন। এ সময় তাঁরা আবাসিক প্রকৌশলীর কার্যালয়সহ বিদ্যুৎ কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন। দুই ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে কৃষকেরা কর্মসূচি প্রত্যাহার করে ও কেন্দ্রের তালা খুলে দেন।বিক্ষোভে অংশ নেওয়া ভাঙ্গা উপজেলার নূরাল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা খামারবাড়ীর গভীর নলকূপের ব্যবস্থাপক নূরে আলম বলেন, ওই এলাকায় প্রায় আড়াই হাজার একর জমিতে বোরো চাষ করা হয়েছে। ধানের চারা সবেমাত্র বোল ধরতে শুরু করেছে। এখন পানির খুব প্রয়োজন। পানি না পেলে ধান ফুলবে না। এলাকায় পাঁচটি গভীর ও ১৫টি অগভীর নলকূপের মাধ্যমে পানির সেচ দেওয়া হয়। কিন্তু বিদ্যুৎ না থাকায় জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। ধানের চারা শুকিয়ে যাচ্ছে। সদরপুরের বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. আলিমুজ্জামান বলেন, ‘সদরপুর ও ভাঙ্গা ফিডার নিয়ন্ত্রিত হয় ফরিদপুর থেকে। কখন লোডশেডিং হবে তা আমাদের ওপর নির্ভর করে না।’