সদরপুরে শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি শিব সুন্দরী একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন তালুকদারের অপসারণের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ওই শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিক্ষক মো. দেলোয়ার হোসেনের অপসারণের দাবিতে গতকাল সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং বিদ্যালয়ের চত্বরে বিক্ষোভ শুরু করে। ওই শিক্ষক এ সময় বিদ্যালয় থেকে চলে যান। বিক্ষোভকারী শিক্ষার্থীরা একপর্যায়ে শ্রেণীকক্ষসহ প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং জানালার কাচ ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।দশম শ্রেণীর শিক্ষার্থী মো. সাজ্জাদ, মো. বিপ্লব হাসান ও মো. কবিরের অভিযোগ, বিদ্যালয়ে যোগদানের পর থেকেই মো. দেলোয়ার হোসেন তালুকদার স্বেচ্ছাচারিতা, কোচিং ফি বৃদ্ধি, কম্পিউটার ক্লাস ও বিদ্যালয়ে পাঠদানে অনিয়ম শুরু করেন। শিক্ষার্থীদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন এবং বেত্রাঘাতসহ বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এ ব্যাপারে শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোন বন্ধ ছিল।শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী শফিকুর রহমান বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন তালুকদারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে বর্তমানে তদন্ত চলছে।সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) অমর চন্দ্র বিশ্বাস বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে। তালাবদ্ধ কক্ষগুলো এক ঘণ্টা পর খুলে দেওয়া হয়।