সদরপুরে শিশুর হত্যাকারীদের বিচারের দাবি

ফরিদপুরের সদরপুরে শিশু জুনায়েদ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন নিহত শিশুর পরিবারের সদস্যরা। গতকাল রোববার দুপুর ১২টার দিকে স্থানীয় সদরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে নিহত শিশু জুনায়েদের পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ফয়জুল খালাসি, চরমানাই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শহীদ মিয়া, নিহত জুনায়েদের চাচা কামাল হোসেন, চাচি কোহিনুর বেগম প্রমুখ।
পরে সদরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুনায়েদের মা আছিয়া বেগম। তিনি অভিযোগ করে বলেন, চার বছরের শিশুপুত্রকে হত্যার পর থানায় একটি মামলা করা হয়। সে মামলায় মূল আসামিকে বাদ দিয়ে সম্প্রতি পুলিশ অভিযোগপত্র দিয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশের অভিযোগপত্র প্রত্যাখ্যান করা হয়।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলা হয়, ‘এ মামলা সঠিকভাবে তদন্ত করা হলেই প্রকৃত আসামিরা শনাক্ত হবে এবং আমরা এ হত্যার ন্যায়বিচার পাব।’
২০১৬ সালের ১৩ নভেম্বর সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের ইসমাইল মাতুব্বরের কান্দি গ্রামের শাহীন মাতুব্বরের চার বছরের শিশুপুত্র জুনায়েদ ওয়াজ মাহফিল থেকে নিখোঁজ হয়। পরে ১৫ নভেম্বর তার লাশ বাড়ির পাশের একটি ডোবায় পাওয়া যায়।