সদরপুরে সড়কের পাশের সাতটি গাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি সড়কের পাশ থেকে রোববার সাতটি গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয় এক ব্যক্তি নিজের দাবি করে গাছগুলো কেটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ঢেউখালী ইউনিয়নের ঢেউখালী বাজার থেকে চরডোবাইল গ্রামে যাওয়ার সড়কে ১৯৯২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে। সম্প্রতি স্থানীয় লিয়াকত সিকদার ওই সড়কের পাশ থেকে সাতটি গাছ কেটে নিয়ে যান। এ সময় তিনি আটটি গাছের ডালপালাও কেটে নিয়ে যান। পরে সদরপুর থানার পুলিশ গাছগুলো আটক করে ঢেউখালী উচ্চবিদ্যালয়ের শিক্ষক নূরুল ইসলামের জিম্মায় রেখেছে। গাছগুলোর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। লিয়াকত সিকদার জানান, ‘২০ বছর আগে আমার বাড়ির সামনে আমি গাছগুলো লাগিয়ে ছিলাম। এ গাছের মালিক আমি। গাছ কেটে আমি কোনো অন্যায় করিনি।’ সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ওলিউর রহমান জানান, গাছ কাটার ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।