সদরপুরে ১৪৪ ধারা অব্যাহত মামলা
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নে গত বৃহস্পতিবার দুপুরে জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। এদিকে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত সাংবাদিক সদরপুর থানায় মামলা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোখসানা রহমান বলেন, সদর ইউনিয়নে বৃহস্পতিবার যে ১৪৪ ধারা জারি করা হয়েছে, তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এদিকে ওই ঘটনায় আহত দৈনিক আমাদের সংবাদ পত্রিকার স্থানীয় প্রতিনিধি তোফাজ্জেল হোসেন ওরফে টিটু তাঁর ওপর হামলা, ক্যামেরা, মুঠোফোন ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় সদরপুর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
গত বৃহস্পতিবার উপজেলা সমন্বয় সভায় ফরিদপুর-৪ আসনের সাংসদ (স্বতন্ত্র) মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের নেতা কাজী শফিকুর রহমানের বচসা হয়। এর জেরে আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তোফাজ্জেল হোসেন ছবি তুলতে গেলে হামলায় তিনি আহত হন।