সদরপুরের তিন ইউনিয়নে অর্ধশত বাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী, চর নাসিরপুর ও চরমানাই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা আড়িয়াল খাঁ নদের ভাঙনের মুখে পড়েছে। ইতিমধ্যে অর্ধশত বাড়ি নদীগর্ভে চলে গেছে। বসতবাড়ি সরিয়ে নিয়েছে ৪৬টি পরিবার। ভাঙনের হুমকিতে রয়েছে একটি বিদ্যালয়।ঢেউখালী ইউনিয়নে ভাঙনের মুখে পড়েছে চন্দ্রপাড়া ও চরবলাশিয়া গ্রাম। এর মধ্যে চরবলাশিয়া গ্রামে ভাঙনের তীব্রতা বেশি। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙনরোধে কাজ করায় চন্দ্রপাড়া দরগা শরিফের কাছে ভাঙনের গতি কমেছে। চরবলাশিয়া মসজিদঘাট এলাকায় গত এক সপ্তাহে চান্দু মাতুব্বর, জব্বর মাতুব্বর ও কাশেম মাতুব্বরের বাড়িসহ ১০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ৪০টি পরিবার বাড়িঘর সরিয়ে নিয়েছে। ঢেউখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কোহিনুর বেগম জানান, গত এক মাসে ওই দুটি গ্রামের অর্ধশত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও প্রায় ৩০০ বাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া ২০০ একর ফসলি জমি বিলীন হয়েছে।চর নাসিরপুর ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান মাতুব্বর জানান, তাঁর ইউনিয়নের চৌধুরীর হাট, কাজিকান্দি, খলিফাকান্দি, চুঙ্গিকান্দি ও হাওলাদারকান্দি গ্রামে ভাঙন চলছে। এ পর্যন্ত ছয়টি পরিবার তাদের বসতবাড়ি সরিয়ে নিয়েছে। চরমানাই ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আড়িয়াল খাঁ নদের ভাঙনের মুখে পড়েছে হাট চরমানাই ও দুব্বার ট্যাক গ্রাম। হুমকির মুখে রয়েছে চরমানাই জুনিয়র উচ্চবিদ্যালয়। এক মাসে ওই তিনটি ইউনিয়নে প্রায় ৩০০ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে।সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন বলেন, ‘উপজেলার তিনটি ইউনিয়নে ভাঙন চলছে। ঢেউখালী ও চর নাসিরপুর ইউনিয়ন আমি গত শনিবার পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করার কাজ শুরু হবে।’