সদরে প্লাবন, চরভদ্রাসনে ভাঙন
পদ্মার পানি বাড়ায় ফরিদপুর সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক বাড়ির মানুষ। ভাঙন দেখা দিয়েছে চরভদ্রাসন উপজেলায়।মধ্য গদাধরডাঙ্গি থেকে গজারিয়া যাওয়ার সড়কের পাঁচটি স্থানে দুদিন আগে পানি উঠেছে। তলিয়ে গেছে ওই একই এলাকার আবুল বশারের চায়ের দোকান থেকে পদ্মার পাড়ে যাওয়ার কাঁচা সড়কটি। সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা হাসান জানান, স্কুলে পানি ওঠায় তাঁদের পক্ষে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না।আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতারুজ্জামান জানান, ইউনিয়নের শতাধিক বাড়ির মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান সাদেকুজ্জামান বলেন, পানি বাড়ায় ভাঙ্গিডাঙ্গি বন্যা আশ্রয়কেন্দ্রে ২৫টি পরিবার গবাদিপশু নিয়ে আশ্রয় নিয়েছে।এদিকে পদ্মার ভাঙনে গত তিন দিনে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর হোসেনপুর ও জয়দেব সরকারেরডাঙ্গি গ্রামের প্রায় ৫০ একর ফসলি জমি ও পাঁচটি বসতভিটা বিলীন হয়ে গেছে। গাজীরটেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুর রহমান জানান, চরহাজীগঞ্জ বাজারের পশ্চিম দিকে পদ্মার ভাঙন শুরু হওয়ায় ইউনিয়নজুড়ে আতংক বিরাজ করছে। এ ছাড়া ভাঙনে জয়দেব সরকারেরডাঙ্গি গ্রামের সেক কালাম, সেক ফারুক, সুভাষ মাঝি, বিনয় কুমার বিশ্বাস ও প্রভাত কুমার বিশ্বাসের বসতভিটা বিলীন হয়ে গেছে।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, ‘অবনতিশীল পরিস্থিতির ওপর নজর রাখছি। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’