মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে গতকাল বুধবার ভোটে কমলগঞ্জে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দুজন দুটি কলেজের অধ্যক্ষ। অন্যজন একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সাতটি উপজেলা নিয়ে জেলা পরিষদ। এর মধ্যে কমলগঞ্জে দুটি কেন্দ্রে ভোট হয়েছে। কমলগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা (কমলগঞ্জ পৌরসভা, কমলগঞ্জ সদর, ইসলামপুর, মাধবপুর, আদমপুর ইউনিয়ন) নিয়ে গঠিত ১৪ নম্বর ওয়ার্ডে মোট ভোটারসংখ্যা ৬৫। এর মধ্যে শতভাগ ভোট পড়েছে। এই ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কমলগঞ্জ আবদুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন (তালা প্রতীক) ৩৭ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন। শমশেরনগর, পতনঊষার, রহিমপুর, মুন্সিবাজার, আলীনগর ইউনিয়ন নিয়ে গঠিত ১৫ নম্বর ওয়ার্ডে ভোটারসংখ্যা ৬৮। এই ওয়ার্ডে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মুর্শেদুর রহমান (তালা প্রতীক) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ডে (১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড) আদমপুর ইউনিয়নের বদরুন নাহার ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তফাদার রিজুয়ানা ইয়াসমিন (বই প্রতীক) ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাবেক জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৩৮৭টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাংসদ এম এম শাহীন পেয়েছেন ২৬০ ভোট।