ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মামা-ভাগনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মাঠে লড়াই জমে উঠেছে বলে জানিয়েছেন ভোটাররা। উভয় প্রার্থীই জয়ী হওয়ার আশা প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সীমানা-সংক্রান্ত জটিলতায় দরিয়াদৌলত ও আইয়ুবপুর ইউপির নির্বাচন নির্ধারিত সময়ে গত বছর অনুষ্ঠিত হয়নি। দরিয়াদৌলত ইউপি নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁরা হলেন মো. সফিকুল ইসলাম (টিউবওয়েল), মো. ইসমাইল সরকার (মোরগ) এবং অলি মিয়া (ফুটবল)। এর মধ্যে অলি মিয়া মো. ইসমাইল সরকারের ভাগনে। আগামী ১৬ এপ্রিল এই ইউপি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
ভোটার হাবিবুর রহমান বলেন, মামা-ভাগনের ভোটের লড়াইয়ে জমে উঠেছে নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই এলাকার ভোটারদের মধ্যে মামা ও ভাগনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ভোটের লড়াইয়ে কে জয়ী হন, তা বলা যাচ্ছে না।
সদস্য প্রার্থী অলি মিয়া বলেন, ‘আমি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমার মামা নির্বাচন করলেও আমিই নির্বাচনে জয়ী হব। কারণ, ভোটারদের সমর্থন আমার পক্ষে রয়েছে।’
মো. ইসমাইল সরকার বলেন, ‘আমার ভাগনে আমার বিরুদ্ধে নির্বাচন করলেও আমিই জয়ী হব।’