সদস্য পদে সমর্থন দেওয়ায় বাংলাদেশকে স্পেনের ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে স্পেনকে সমর্থন দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইগনাসিও ওয়াইবানেজ রুবিও।

ঢাকা সফররত রুবিও গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশকে ধন্যবাদ দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। আগামী দুই বছর বাংলাদেশকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত।’ এর আগে সেখানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন রুবিও। খবর ইউএনবির।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ পাঁচটি। এ ছাড়া ১০টি দেশকে দুই বছর মেয়াদে অস্থায়ী সদস্য নির্বাচন করা হয়। ২০১৫-১৬ বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে স্পেনকে সমর্থন দিয়েছে বাংলাদেশ।

স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য। এখানেও দুই দেশ একসঙ্গে কাজ করতে পারবে।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে—জানতে চাইলে রুবিও বলেন, ‘দুই দেশের বর্তমান পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা পরস্পরের সাফল্য কামনা করেছি।’

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি শুধু বলেন, বাংলাদেশের দুই মন্ত্রী তাঁকে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। তাঁরা আশা করছেন, সবকিছু ঠিক পথেই এগোচ্ছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ​: স্পেনের সফরত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইগনাসিও ওয়াইভানেজ রুবিও গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ​ করেন। তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।