সদস্য প্রার্থীর ছেলের লাশ মিলল পুকুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে পুকুর থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশুর নাম তৌহিদ আবির জয় (৮)। সে উপজেলার স্বরতস্বতীপুর গ্রামের আবদুল আলিমের ছেলে। তৌহিদ আবির শ্রীকর্ণদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। আবদুল আলিম চতুর্থ ধাপে আগামী ৭ মে অনুষ্ঠেয় তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আবির হোসেন বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে বুলাগাড়ী পুকুরে গোসল করতে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে পুকুরে তার লাশ পাওয়া যায়।
নিহত শিশুর চাচা ইয়াছিন আলী গতকাল সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভাতিজা তৌহিদ আবির বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাতিজার লাশের সন্ধান পাওয়া যায়। আমার ভাতিজা সাঁতার জানত। সে পুকুরের পানিতে ডুবে মরতে পারে না। আমাদের কাছে ভাতিজার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।’