সদস্য প্রার্থীর প্রার্থিতা ফেরত প্রতীক বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নিত্যানন্দ মণ্ডল আদালতের নির্দেশে প্রার্থিতা ফেরত পেয়েছেন। এরপর গতকাল বৃহস্পতিবার এ ওয়ার্ডের দুই প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বাগমারা উপজেলার গনিপুর, শ্রীপুর, দ্বীপপুর, শ্রীপুর ও বড়বিহানালী ইউনিয়ন এবং ভবানীগঞ্জ পৌরসভা নিয়ে ১১ নম্বর ওয়ার্ড গঠিত। এখানে সদস্য পদে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান ও কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিত্যানন্দ মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ওই ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাহমুদুর রহমান ও নিত্যানন্দ মণ্ডল মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইকালে হলফনামায় সই না থাকায় রিটার্নিং কর্মকর্তা ৩ ডিসেম্বর নিত্যানন্দ মণ্ডলের প্রার্থিতা বাতিল করেন। এরপর তিনি প্রার্থিতা ফেরত চেয়ে আপিল করেন। রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন শুনানি শেষে তাঁর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখেন। নিত্যানন্দ মণ্ডল প্রার্থিতা ফেরত ও প্রতীক বরাদ্দ চেয়ে উচ্চ আদালতে আপিল করেন। এ কারণে ১২ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের দিন থাকলেও ১১ নম্বর ওয়ার্ডে তা সম্ভব হয়নি। ওই দিনই আদালত তাঁকে প্রার্থিতা ফেরত এবং প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। এ নির্দেশনা গত বুধবার রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছায়। গতকাল মাহমুদুর রহমানকে তালা ও নিত্যানন্দ মণ্ডলকে টিউবওয়েল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুই প্রার্থী গতকাল বলেন, তাঁরা পোস্টার ছাপিয়ে প্রচার শুরু করবেন।