সদস্য প্রার্থীসহ আটক ৯ সহিংসতায় আহত ৪০
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৃগী বাথান গ্রামে গত মঙ্গলবার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বিএনপি-সমর্থিত এক সদস্য প্রার্থীসহ নয়জনকে আটক করেছে। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ও কোটালীপাড়ায় সহিংসতায় গত তিন দিনে অন্তত ৪০ জন আহত হয়েছেন।স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দৌলতপুরের সনাতনপুর গ্রামে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলীর সমাবেশ ছিল। ওই সমাবেশে আসা কর্মীরা প্রতিপক্ষ বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল হোসেনের কিছু পোস্টার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে পাশের মৃগী বাথান গ্রামে উভয় প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।হরিণাকুণ্ডু থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দৌলতপুর ইউপির সদস্য প্রার্থী নুরুল ইসলাম, গোবরাপাড়া গ্রামের রেজাউল ইসলাম, মোহাম্মদ আলী, হাবিবুর রহমান, আলফাজ উদ্দিন, মিন্টু মিয়া, নিলু রহমান, হাফিজুর রহমান ও দাউদ আলীকে আটক করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের রামচন্দ্রপুর বটতলায় বুধবার সকালে বিজয়ী ইউপি সদস্য ওমর আলী শেখ ও পরাজিত সদস্য পদপ্রার্থী নাসির হায়দারের লোকজনের সংঘর্ষ হয়। একই দিন দুপুরে ডুমরিয়া ইউনিয়নের পাকুত্তিয়া এলাকায় পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী রফিক ও আলী আহম্মেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর আগে মঙ্গলবার রাতে পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের শেখ শাহাদাৎ হোসেনের বাড়িতে প্রতিপক্ষ ইউপি সদস্য লিয়াকত মিয়ার লোকজন হামলা ও ভাঙচুর করে। পাঁচকাউনিয়া মুন্সিবাড়ীতে একই রাতে নবনির্বাচিত ইউপি সদস্য হেমায়েত খাঁ ও পরাজিত সদস্য বেলায়েত মোল্লার লোকজন এক হয়ে প্রতিপক্ষ রেজাউল করিমের লোকজনের ওপর হামলা করে। এতে কমপক্ষে ২০ জন আহত হন। এ ছাড়া গহরডাঙ্গায় পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন এমরান মিয়ার বাড়িতে হামলা চালায়।এদিকে ভোট চাওয়াকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের লোহারঙ্ক বাজারে প্রতিদ্বন্দ্বি দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫জন আহত হয়েছেন। এ সময় একটি নির্বাচনী অফিসসহ কমপক্ষে ১০টি দোকান ভাংচুর হয়েছে। চেয়ারম্যান প্রার্থী মুন্সি এবাদুল ইসলাম ও গোলাম কিবরিয়া দাড়িয়ার লাকজনের মধ্যে এ ঘটনা ঘটে।