সদস্য প্রার্থীসহ ২৮ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি ভোটকেন্দ্রে দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে তাপস চন্দ্র দাস নামে এক ব্যক্তির প্রাণহানির ঘটনায় মামলা হয়েছে।
নিহত তাপস চন্দ্র দাসের স্ত্রী মল্লিকা রানী দাস গত শনিবার রাতে ব্রাহ্মণপাড়া থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় ইউপির সদস্য পদপ্রার্থী সুলতান মিয়াকে। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, এখন পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে সুলতান মিয়া গা-ঢাকা দিয়েছেন।
তাপসের স্ত্রী মল্লিকা রানী দাস বলেন, ‘চার ছেলেমেয়ে নিয়ে আমার কী হবে? এ হত্যাকাণ্ডের বিচার হলে মনটা শান্তি পাবে।’
সুলতান মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।