সদস্যকে মারধর, জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে জেলা পরিষদের সদস্য জাকারিয়া বিষুকে হামলা করে আহত করার অভিযোগে পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীরসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজ বুধবার বিকেলে জাকারিয়া বিষু বাদী হয়ে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালতে ওই মামলাটি করেন। পরে সন্ধ্যায় ভারপ্রাপ্ত সিজেএম মো. মোমিনুল ইসলাম ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন হুমায়ুনের চাচাতো ভাই কামাল হোসেন ও মো. হাসান এবং আত্মীয় রিপন ও মিন্টু। আদালতের বেঞ্চ সহকারী মো. ছামিউল হক আজ বুধবার রাতে মামলা করার সত্যতা নিশ্চিত করেছেন। তবে পরিষদের চেয়ারম্যান মামলার অভিযোগ অস্বীকার করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প নিয়ে পরিষদের চেয়ারম্যানের সঙ্গে জাকারিয়ার বনিবনা হচ্ছিল না। প্রায় দেড় মাস আগে অফিসের ভেতরের একটি কক্ষে নিয়ে চেয়ারম্যান তাঁকে নানা ধরনের হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সহকারী প্রকৌশলী আবদুল মান্নানের সঙ্গে একটি প্রকল্পের বিষয় নিয়ে কথা বলা অবস্থায় চেয়ারম্যান নিজে এবং তাঁর সঙ্গে থাকা তাঁর ভাই কামাল, হাসান, আত্মীয় রিপন, মিন্টুসহ আরও কয়েকজন জাকারিয়ার ওপর অতর্কিতে হামলা চালান। একপর্যায়ে চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা জাকারিয়ার মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁকে (জাকারিয়া) জিম্মি করে ফেলেন এবং পিঠের কয়েক জায়গায় কলম দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত জখম করেন। এ ঘটনার সংবাদ পেয়ে তাঁর (জাকারিয়া) কয়েকজন স্বজন জেলা পরিষদে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।
এ ঘটনার ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ দিলেও থানার পুলিশ তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করায় জাকারিয়া আদালতে মামলাটি করেন।
মামলার অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ঠিকাদারি বিষয় নিয়ে কয়েকজন ছেলের সঙ্গে জেলা পরিষদের বাইরে জাকারিয়ার হাতাহাতি হয়েছে বলে তিনি শুনেছেন। তবে তা পরিষদের কোনো বিষয় নিয়ে ঘটেনি। এসব ঘটনার সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।