সদস্যদের টাকা ফেরত না দিয়ে কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা (এনজিও) এহসান সোসাইটির বগুড়ার শেরপুর শাখায় কয়েক মাস ধরে তালা ঝুলছে। শাখা ব্যবস্থাপকের দুর্নীতি ধরা পড়ার পর তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।
এতে সমিতির শেরপুর শাখার ৬৯০ সদস্য তাঁদের সঞ্চিত টাকা খোয়া যাওয়ার আশঙ্কা করছেন। সংস্থার স্থানীয় কর্মীরাও আছেন বিপাকে। কিন্তু প্রধান কার্যালয় থেকে এখনো ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সংস্থার চার-পাঁচজন সদস্য অভিযোগ করেন, তাঁদের আট বছরে সঞ্চয়ের দ্বিগুণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এ সংস্থার লোকজন। সে আশায় তাঁরা এখানে প্রতি মাসে সঞ্চয়ের টাকা জমা দিয়ে আসছিলেন। এ বছরই তাঁদের সঞ্চয়ের আট বছর পূর্ণ হতে যাচ্ছে। অথচ কয়েক মাস ধরে কার্যালয়ে তালা ঝুলছে। স্থানীয় যেসব কর্মীকে তাঁরা চেনেন তাঁদের দ্বারস্থ হয়েও কোনো লাভ হচ্ছে না।
এ রকমই একজন সদস্য উপজেলার বেলগাছী গ্রামের দিনমজুর নুরুল ইসলাম বলেন, তিনি বহু কষ্ট করে সংস্থাটিতে প্রতি মাসে ১০০ করে ৯ হাজার ৪০০ টাকা জমান। আশা ছিল এবার দ্বিগুণ টাকা তুলবেন। কিন্তু এখন তো সংস্থার কার্যালয়ের তালাই খুলছে না।
উপজেলার চান্দাইকোনা এলাকার মুদি দোকানদার নূরুল ইসলাম বলেন, ওই সংস্থায় তাঁর ৩৬ হাজার টাকা জমা আছে। কী করবেন বুঝতে পারছেন না।
সদস্যদের অভিযোগের সত্যতা স্বীকার করেন সংস্থার উপজেলা সমন্বয়কারী মোকলেছুর রহমান। তিনি স্থানীয় সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের বাসিন্দা। তিনি বলেন, এ শাখায় ব্যবস্থাপক ছিলেন জাকির হোসেন। প্রায় চার-পাঁচ মাস আগে তাঁকে অন্যত্র বদলি করে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে শেরপুর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তিনি আরও বলেন, সংস্থার এই শাখায় ৬৯০ জন সদস্য রয়েছেন। তাঁদের সঞ্চিত টাকার পরিমাণ ৩১ লাখ ১৪ হাজার ১৮৫। সংস্থার বেশির ভাগ মাঠকর্মী স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনেরা। এলাকার খেটে খাওয়া লোকজন তাঁদের বিশ্বাস করে এই টাকা জমা রেখেছিলেন। সংস্থার কর্মকর্তারা সুদবিহীন পন্থায় গ্রাহকদের সঞ্চিত টাকা দ্বিগুণ করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শেরপুরে ২০০৭ সাল থেকে এই সংস্থার কার্যক্রম শুরু হয়।
এহসান সোসাইটির বগুড়া আঞ্চলিক ব্যবস্থাপক দাউদ হায়দার বলেন, শেরপুর শাখা কার্যালয়ের সাবেক কর্মকর্তা জাকির হোসেনের সময় থেকে দুর্নীতির শুরু। দুর্নীতির কারণেই এই সংকট সৃষ্টি হয়েছে। সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দুর্নীতি প্রমাণ হওয়ায় প্রধান কার্যালয় থেকে জাকির হোসেনকে অন্যত্র বদলি করা হয়। তবে তাঁর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা তাঁর জানা নেই বলে জানান দাউদ হায়দার।
শেরপুর কার্যালয়ের মাঠকর্মী উপজেলার বেলগাছী গ্রামের বাসিন্দা ও একই গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের ইমাম রফিকুল ইসলাম। তিনি বলেন, এলাকায় তাঁদের মতো মানুষের একটা সম্মান আছে। গ্রামের লোকজন তাঁদের বিশ্বাস করেন। সেই বিশ্বাসের কারণে ৭৭ জন খেটে খাওয়া লোককে তিনি এ সংস্থার সদস্য করতে পেরেছিলেন। এখন এসব মানুষ সঞ্চয়ের টাকাটা পর্যন্ত ফেরত পাচ্ছেন না। এতে নিজে খুবই বিব্রতকর অবস্থায় আছেন বলে জানান রফিকুল ইসলাম।
এ ব্যাপারে রাজধানী ঢাকায় সংস্থার প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল করিম বলেন, ‘শেরপুর শাখায় জমা হওয়া টাকা প্রধান কার্যালয়ে পৌঁছেনি। তার পরও শেরপুরের সদস্যদের টাকা ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’