সদস্যপদ রক্ষায় সংসদে যাচ্ছে বিএনপি
সদস্যপদ টিকিয়ে রাখতে এবার সংসদে যোগ দেবে বিএনপির নেতৃত্বাধীন জোটের সাংসদেরা। চলতি অধিবেশনের প্রথম ৭ কার্যদিবসের মধ্যে বিরোধী জোট সংসদে না গেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য সাংসদদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।
বিরোধী জোটের সাংসদেরা মোট ৮৩ কার্যদিবস সংসদে অনুপস্থিত আছেন। সর্বশেষ তাঁরা গত বছরের ২০ মার্চ সংসদে ছিলেন। আগামী ৩ জুন সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে জাতীয় বাজেট ঘোষণা ও পাস করা হবে। অধিবেশন চলতে পারে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ গতকাল শুক্রবার এক আলোচনা সভায় বলেছেন, আগামী বাজেট অধিবেশনে তাঁরা সাংসদে যাবেন। তবে কত দিন থাকবেন—তা নির্ভর করবে সরকারের আচার-আচরণ ও ব্যবহারের ওপর।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটে সাংসদের সংখ্যা ৩৯। এর মধ্যে বিএনপির ৩৫, জামায়াতে ইসলামীর দুই, বাংলাদেশ জাতীয় পার্টির একজন ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একজন সদস্য। চলতি সংসদের প্রথম অধিবেশনেই বিএনপি সংসদে যোগ দেয়। সামনের সারিতে বিএনপির জন্য ‘কম আসন’ রাখার অভিযোগ তুলে প্রথম অধিবেশন থেকেই সংসদ বর্জন শুরু করে বিএনপির নেতৃত্বাধীন জোট। তবে ওই সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১৮-দলীয় জোটে না থাকায় দলটির একমাত্র সাংসদ অলি আহমদ বর্জন করেননি। সংবিধান অনুযায়ী, কোনো সাংসদ টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ বাতিল হবে। নবম জাতীয় সংসদের মেয়াদের প্রথম ৫২ মাসে ১৭টি অধিবেশন হয়েছে। প্রথম অধিবেশন ছাড়া বিএনপি জোট অন্য অধিবেশনগুলোতে শুধু সদস্যপদ রক্ষার জন্য গিয়েছে। সংসদ বর্জনে রেকর্ড: ১৯৯১ সাল থেকে চারটি সংসদে বিরোধী দলের অধিবেশন বর্জন অনেকটাই নিয়মে পরিণত হয়। তবে বর্তমান সংসদের ৫২ মাসেই বিরোধী দল সংসদ বর্জনে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এখন পর্যন্ত ১৭টি অধিবেশনের ৩৭০ কার্যদিবসের মধ্যে বিরোধী দল সংসদে ছিল মাত্র ৫২ কার্যদিবস। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এখন পর্যন্ত মাত্র আট দিন সংসদে উপস্থিত ছিলেন। অষ্টম জাতীয় সংসদে বিএনপি ছিল সরকারি দল। তখন বিরোধী দল আওয়ামী লীগ ৩৭৩ কার্যদিবসের মধ্যে ২২৩ দিন অনুপস্থিত ছিল। সপ্তম সংসদের বিরোধী দল বিএনপি ৩৮২ কার্যদিবসের মধ্যে ১৬৩ দিন বর্জন করে। আর পঞ্চম সংসদের বিরোধী দল আওয়ামী লীগ ৪০০ কার্যদিবসের মধ্যে ১৩৫ দিন সংসদ বর্জন করে। চারটি সংসদের মধ্যে পঞ্চম ও অষ্টম সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন যথাক্রমে ১৩৫ ও ৪৫ কার্যদিবস। আর ষষ্ঠ এবং নবম সংসদে (১৭তম অধিবেশন পর্যন্ত) বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত ছিলেন যথাক্রমে ২৮ ও ৮ কার্যদিবস।