সদস্যপদ রক্ষায় নয়, পরিবেশ সৃষ্টি হলে সংসদে যাবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদস্যপদ রক্ষার জন্য নয়, পরিবেশ সৃষ্টি হলে বিএনপি জাতীয় সংসদে যাবে বলে জানিয়েছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে তিনি এ কথা জানান।বিএনপি কবে সংসদ অধিবেশনে যোগ দেবে, এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, এটা বিএনপির সংসদীয় দলের সভায় চূড়ান্ত হবে। এর আগে দলীয় ফোরামেও এ নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, বিএনপি সদস্যপদ রক্ষায় সংসদে যেতে বাধ্য হচ্ছে, এটা ঠিক নয়। আওয়ামী লীগের সদস্যরা সংসদ বর্জন ও সদস্যপদ রক্ষায় ৯০ দিনের বাধ্যবাধকতায় কতবার সংসদে গেছেন, সংসদে না গিয়ে ভাতা-সুবিধাদি নিয়েছেন, তা দেশের মানুষ ভুলে যায়নি।খোন্দকার দেলোয়ার বলেন, সংসদে যাওয়ার পরিবেশ নেই। সরকারি দলকে গণতান্ত্রিক আচরণ করতে হবে। তিনি বলেন, বিএনপি সংসদে গিয়ে জনগণের কথা বলতে চেয়েছে। সরকারকে সহযোগিতা করতে চেয়েছে।বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকারের ইচ্ছা জনগণের ওপর চাপিয়ে দিতে পরিকল্পিতভাবে মুন্সিগঞ্জে সংঘর্ষের সৃষ্টি করা হয়েছে। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। তিনি বলেন, আড়িয়ল বিল এলাকার মানুষের স্বার্থ নষ্ট করে বিমানবন্দর করার দরকার নেই। লুটপাট আর নিজের বাবার নাম দেওয়ার জন্য এই বিমানবন্দর তৈরি করা হবে। আন্দোলনরত জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, সরকার জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে।