প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের কার্যক্রমে তিন মাসেরও বেশি সময় ধরে অচলাবস্থা চলছে। গত ২৫ মে ট্রাইব্যুনালের বিচার বিভাগীয় একজন সদস্য অবসরে যান। ওই পদে এখনো নিয়োগ (পদায়ন) না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
আইনজীবীরা বলেছেন, তিন সদস্যের আপিল ট্রাইব্যুনালে একজন সদস্যের অভাবে চাকরিসংক্রান্ত বিষয় নিয়ে কোনো মামলার শুনানি ও নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এতে বিচারপ্রার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। মামলাজটও বাড়ছে।
সরকারি বা বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের নিয়োগ, পদোন্নতি, জ্যেষ্ঠতা, বরখাস্ত, পেনশনসহ অন্যান্য বিষয়ে প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। তবে প্রশাসনিক ট্রাইব্যুনালের আদেশে বা সিদ্ধান্তে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে ওই আদেশের বা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে যেতে পারেন তিনি।
ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বর্তমানে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে ৫২৭টি মামলা বিচারাধীন। চলতি জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত ২২৭টি মামলা আপিল ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়। ২৬ মে থেকে ২৮ আগস্ট পর্যন্ত নতুন করে আরও ৫৯টি মামলা হয়।
আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের দায়িত্বে আছেন বিচারপতি এ কে এম ফজলুর রহমান। অপর সদস্য হলেন যুগ্ম সচিব আবুল হাশেম। আর বিচার বিভাগীয় সদস্য জেলা জজ মো. আবদুল গফুর ২৫ মে অবসরে যান। এর পর থেকে ওই পদটি খালি আছে। এ অবস্থায় তিনজনের কোরাম পূর্ণ না হওয়ায় আপিল ট্রাইব্যুনাল বসতে পারছেন না।
সংবিধানের ১১৭ অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা উল্লেখ রয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্টবলে বাংলাদেশে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হয়। প্রশাসনিক ট্রাইব্যুনালস আইনে একটি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল সম্পর্কে বলা আছে। ওই আইনের ৫ ধারা অনুসারে একজন চেয়ারম্যান এবং দুজন সদস্যসহ তিন সদস্যের সমন্বয়ে আপিল ট্রাইব্যুনাল গঠিত হবে। চেয়ারম্যান হবেন এমন ব্যক্তি, যিনি সুপ্রিম কোর্টের বিচারক বা বিচারক হওয়ার যোগ্য। সদস্যদের একজন হবেন প্রজাতন্ত্রে কর্মরত এমন এক কর্মকর্তা, যাঁর পদমর্যাদা যুগ্ম সচিবের নিচে নয়। অপর সদস্য হবেন একজন জেলা জজ।
প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনজীবী সমিতির সভাপতি মো. আবদুর রহিম প্রথম আলোকে বলেন, বিচার বিভাগীয় একজন সদস্যের অভাবে তিন মাস ধরে কোনো মামলার শুনানি ও নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এতে মামলাজট বাড়ছে। চাকরিসংক্রান্ত বিষয় নিয়ে বিচারপ্রার্থীদের ভোগান্তি বেড়েছে। আইনজীবীরা জানান, একমাত্র প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ১৯৯১ সালের শেষ দিকে রাজধানীর আবদুল গণি রোডে স্থানান্তর করা হয়।
আপিল ট্রাইব্যুনালে সদস্য নিয়োগ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গত সোমবার প্রথম আলোকে বলেন, বিচার বিভাগীয় সদস্য নিয়োগের বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টে প্রস্তাব পাঠানো হয়েছিল। ওই প্রস্তাবে অনুমোদন দেওয়া গেল না বলে আইন মন্ত্রণালয়কে জানানো হয়। বলা হয় নতুন করে প্রস্তাব পাঠাতে। এখন নতুন করে প্রস্তাব পাঠানো হবে।
চাকরিসংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য ঢাকায় তিনটি প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, বগুড়া, বরিশাল, খুলনায়ও প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে।