রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আদিবাসীদের সমস্যার সমাধান করা সম্ভব নয়। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পেলে যেকোনো জাতিসত্তার লোককে সব দিক থেকে বঞ্চিত হতে হয়। তাই সব জাতিসত্তার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
গতকাল রোববার দিনাজপুরের একটি হোটেলে অনুষ্ঠিত ‘স্বল্প পরিচিত জাতিসত্তাসমূহের মানচিত্র, পরিচয় এবং অধিকার বিষয়ে পুনর্ভাবনা’ শীর্ষক সংলাপে অংশগ্রহণকারী বক্তারা এসব কথা বলেন।
বেসরকারি সংস্থা সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড), জাতীয় আদিবাসী পরিষদ ও গ্রাম বিকাশ কেন্দ্র এই সংলাপের আয়োজন করে। সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন ও ইকো অপারেশন।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সংলাপের শুরুতে বেসরকারি সংস্থা সেডের পরিচালক ফিলিপ গাইন সারা দেশে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর বর্তমান অবস্থা, তাদের ওপরে প্রভাবশালীদের নানা ধরনের নির্যাতনের চিত্র তুলে ধরেন।
সংলাপে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রায়হান মিঞা বলেন, আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করতে হলে তাদের নিজেদের সেই ভাষা ও সংস্কৃতির নিয়মিত চর্চা করতে হবে। ভূমি রক্ষার বিষয়ে তিনি বলেন, সমাজে দুর্বৃত্তদের সংখ্যা বাড়ছে। কেউ যেন ভুল বুঝিয়ে জমি হাতিয়ে নিতে না পারে, সে জন্য আদিবাসীদের শিক্ষা গ্রহণ ও সচেতনতার বিকল্প নেই।
নির্ধারিত আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিমুদ্দিন খান বলেন, রাষ্ট্র যদি কোনো জাতিসত্তার পরিচিতি না স্বীকার করে বা স্বীকৃতি না দেয়, তাহলে সেই জাতিসত্তার বঞ্চনার শেষ থাকে না।
বেসরকারি সংস্থা হেক্সের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আদিবাসীদের সমস্যার সমাধান করা সম্ভব নয়।
এতে গ্রাম বিকাশ কেন্দ্রের নির্বাহী প্রধান মোয়াজ্জেম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার আদিবাসী নেত্রী বিচিত্রা তিরকি, জয়পুরহাট জেলা আদিবাসী পরিষদের সভাপতি বাবুল রবিদাশ, দিনাজপুরের আদিবাসী নেতা রবার্ট আর এন দাশ প্রমুখ বক্তৃতা করেন।