সদিচ্ছা থাকলে একটি কাজ কম সময়ে করা সম্ভব: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে কোনো কাজ রাতারাতি শেষ করা সম্ভব নয়। তবে আন্তরিকতা ও সদিচ্ছা থাকলে একটি কাজ কম সময়েও সম্পন্ন করা সম্ভব।গতকাল বৃহস্পতিবার মেঘনা ফেরিঘাটে ওভারলোড গাড়ি পারপারে ফেরি সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার তাঁর সঙ্গে ছিলেন।একই দিন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে ওজন পরিমাপক যন্ত্রের উদ্বোধন করেন তিনি। এ সময় মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের ৫০ কিলোমিটার এলাকার কাজ আগামী মাসের মধ্যে দেখা যাবে বলে জানান। কুমিল্লা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, আগামী মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের ৫০ কিলোমিটার এলাকার কাজ দৃশ্যমান হবে। ছয় মাসের মধ্যে আরও কাজ হবে। এক বছরের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে নানা ধরনের উন্নয়নমূলক কাজ চোখে পড়বে। গতকাল বিকেলে পদুয়ার বাজারে ওজন পরিমাপক যন্ত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান, যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফরিদ উদ্দিন, কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান প্রমুখ। সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু এবং কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে নিরাপদ যানবাহন চলাচলের স্বার্থে ওই ওজন পরিমাপক যন্ত্র বসানো হয়েছে। এতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।’