সদিচ্ছা থাকলে পার্বত্য চুক্তির বাস্তবায়ন কঠিন কিছু নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি সমস্যা থেকেই পার্বত্য চট্টগ্রামে সংঘাতের সূচনা হয়। এ সমস্যার এখনো কোনো সমাধান হয়নি। সরকারের সদিচ্ছা থাকলে পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং ভূমি সমস্যার সমাধান করা কঠিন কোনো বিষয় হবে না। ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীগুলোর অধিকার প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই। পার্বত্য চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রামের মুসলিম হল মিলনায়তনে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮তম বর্ষপূর্তি উদ্যাপন কমিটি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, পার্বত্য চট্টগ্রামে একসময় যে সংঘাত চলছিল, তার অবসান ঘটিয়েছিল এ চুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ অসাধারণ চুক্তিটি করেছিলেন। তবে এ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।
বক্তারা বলেন, পার্বত্য চুক্তির ১৮ বছর পেরিয়ে গেলেও এর যথাযথ বাস্তবায়ন হয়নি। ফলে পার্বত্য অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠী ও বাঙালিদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস রয়ে গেছে। এটি শুধু পার্বত্য অঞ্চলের মানুষের সমস্যা নয়, এটিকে রাজনৈতিক সমস্যা হিসেবে দেখতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮তম বর্ষপূর্তি উদ্যাপন কমিটি চট্টগ্রামের সভাপতি তাপস হোড়। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক। বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শামসুদ্দিন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন্দ বিকাশ চাকমা, জুলন ধর, ফারুক হোসেন, মহিউদ্দিন মাহিম, বসু মিত্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসাংগঠনিক সম্পাদক পলাশ তনচংগ্যা প্রমুখ।