সদ্য বিলুপ্ত ছিটগুলোতে বিজয় দিবসের আনন্দ
পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রামে সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোর হাজারো বাসিন্দা আজ বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করবেন। ছিটমহল বিনিময়ের পর এই প্রথম তাঁরা বাংলাদেশের নাগরিক হিসেবে বিজয় দিবস উদ্যাপন করছেন।
এর মধ্যে পঞ্চগড়ের ৩৬টি বিলুপ্ত ছিটমহলের বাংলাদেশি বাসিন্দারা বিজয় দিবস উদ্যাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিজয় দিবসের প্রথম প্রহরে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সদর উপজেলার গারাতি এলাকায় ভিন্নধারার একটি বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে।
বিলুপ্ত ছিটমহল নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি মফিজার রহমান প্রথম আলোকে বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়, গ্রামীণফোন ও একটি বেসরকারি টিভি চ্যানেল যৌথভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিজয় দিবসের এই অনুষ্ঠানগুলোতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত থাকার কথা রয়েছে।
সদ্য বিলুপ্ত শালবাড়ি ছিটমহলের নাগরিক কমিটির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, শুধু গারাতিই নয় এবারই প্রথম অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে শালবাড়ি, কাজলদিঘি, নাটকটোকা, বেহুলাডাঙ্গা, কোটভাজনী, দহলা খাগড়াবাড়িসহ পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত ৩৬টি ছিটমহলেই মহান বিজয় দিবস উদ্যাপন করা হবে।
কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত দাশিয়ারছড়াসহ ১২টি ছিটমহলেই বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়। দাশিয়ারছড়ার কালীরহাট বাজারে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, বিজয় শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল দাশিয়ারছড়ায় গিয়ে দেখা যায়, নুর আলম নামের এক ব্যক্তির নেতৃত্বে কালীরহাট বাজারে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ‘এত দিন পরাধীন ছিলাম। স্বাধীন দ্যাশে প্রথম বিজয় দিবস। মানুষ উৎসব করবে। মহা ধুমধাম হবে। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে।’
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি দাশিয়ারছড়া ইউনিটের সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন বলেন, ‘আমরা এখন নতুন ভূখণ্ডের মানুষ। তাই বাংলাদেশিদের সঙ্গে একাত্ম হয়ে মহান বিজয় দিবসে নানা কর্মসূচি হাতে নিয়েছি। সকালে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বিজয় শোভাযাত্রা ও দিনভর গ্রামীণ খেলার আয়োজন করেছি।’
লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতেও নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় ৫৯টি ছিটমহল ছিল। এর মধ্যে পাটগ্রাম উপজেলার ভেতরে ৫৫টি, সদর উপজেলার দুটি, হাতীবান্ধা উপজেলার ভেতরে দুটি ছিল।