সনদ ও নম্বরপত্র তৈরির কাগজ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভান্ডার (স্টোর) শাখায় তিন হাজার ৮০০টি সনদ ও তিন হাজার ২০০টি নম্বরপত্র তৈরির অতিরিক্ত কাগজ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের স্টোর শাখার মূল গুদামে তল্লাশি চালিয়ে কর্তৃপক্ষ এসব কাগজ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জাল সনদ ও নম্বরপত্র তৈরির কাগজ বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালায় কর্তৃপক্ষ। অতিরিক্ত কাগজ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘অতিরিক্ত কাগজ পাওয়া গেছে। তবে তল্লাশি শেষ হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’ তল্লাশির সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল সনদ তৈরির জন্য ‘পার্চমেন্ট কাগজ’ আমদানি করা হয় ইংল্যান্ড থেকে। অন্যদিকে নম্বরপত্র তৈরির কাজে ব্যবহূত হয় এজুলেইড কাগজ। স্বাভাবিকভাবে ২৪ তা কাগজে এক দিস্তা হলেও পার্চমেন্ট কাগজের প্রতি দিস্তায় থাকে ২৫ তা। প্রতি তা থেকে আবার আটটি করে সনদ তৈরি হয়।বিশ্ববিদ্যালয়ের প্রেস-সংলগ্ন স্টোর শাখার মূল গুদামে তল্লাশি চালানোর সময় পুরোনো আলমারি ও টেবিলের নিচে পুরোনো ক্যালেন্ডার দিয়ে পেঁচানো অবস্থায় অতিরিক্ত কাগজগুলো পাওয়া যায়। জানা যায়, সম্প্রতি স্টোর শাখার দায়িত্ব নেন উপ-রেজিস্ট্রার মাহবুবুল আলম। তিনি দায়িত্ব পাওয়ার পরই সনদের কাগজের হিসাবে গরমিল পান। কিন্তু এর পরই নানা ধরনের হুমকি আসতে থাকায় সম্প্রতি ওই শাখার কাজ থেকে অব্যাহতি চেয়ে ছুটির আবেদন করেন তিনি। এর আগে গত ১০ বছর ওই শাখার দায়িত্বে ছিলেন উপ-রেজিস্ট্রার আবদুল কুদ্দুস ভূঁইয়া। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উপ-রেজিস্ট্রার আবদুল কুদ্দুস ভূঁইয়া, কর্মচারী শাহীন মোল্লা ও গোলাম মোস্তফা মিলে দীর্ঘদিন ধরে কাগজ পাচারের কাজ করছেন। এর আগেও তাঁদের বিরুদ্ধে কাগজ পাচারের অভিযোগ আসে। কর্তৃপক্ষ সে অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করলেও প্রতিবেদন জমা পড়েনি।