চরম অনিশ্চিয়তায় পড়েছেন আইইউবির (ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ) চট্টগ্রাম ক্যাম্পাসের শিক্ষার্থীরা। পাঁচ মাস ধরে বিভিন্ন সেমিস্টারের নম্বরপত্র ও সাময়িক সনদ দেওয়া বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি গত সেমিস্টারের ফলাফলও আটকে আছে। এতে শিক্ষার্থীদের অনেকেই উচ্চতর শিক্ষা ও চাকরির আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে তাঁরা চট্টগ্রাম ও ঢাকা ক্যাম্পাসে যোগাযোগ করে কোনো ফল পাচ্ছেন না। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১০ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মূল ক্যাম্পাসের বাইরে শাখা ক্যাম্পাস নিষিদ্ধ ঘোষণা করে। এরপর ‘আইইউবি চট্টগ্রাম’ আলাদা বিশ্ববিদ্যালয় হিসেবে মঞ্জুরি কমিশনে তালিকাভুক্ত হতে আবেদন করে। কমিশনে অনুমোদনের আগ পর্যন্ত ঢাকা ক্যাম্পাসের সহায়তা নিয়ে চলছিল চট্টগ্রাম ক্যাম্পাস। সে হিসেবে সব পরীক্ষার সাময়িক সনদ, নম্বরপত্র ঢাকা থেকে পাঠানো হতো। পরীক্ষার ফলাফলও ঢাকা ক্যাম্পাস থেকে ঘোষণা করা হতো। কিন্তু গত বছরের ডিসেম্বর থেকে হঠাৎ করেই ঢাকা ক্যাম্পাস থেকে এ সবকিছু পাঠানো বন্ধ করে দেওয়া হয়। এদিকে, গত সেমিস্টারের বিবিএ ও এমবিএ পরীক্ষার্থীরা এখনো ঢাকা থেকে তাঁদের গ্রেড রোল পাননি বলে জানা গেছে। চলতি বছরের এপ্রিলের শেষ দিকে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশের কথা ছিল ১০ মে। নাম প্রকাশে অনিচ্ছুক আইইউবি চট্টগ্রামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কী অপরাধ করেছি, জানি না। চট্টগ্রাম ক্যাম্পাসে যোগাযোগ করলে ঢাকায় কথা বলতে বলা হয়। ঢাকায় যোগাযোগ করলে তারাও কোনো সদুত্তর দিতে পারে না।’ আফতাব আহমেদ নামের এক অভিভাবক বলেন, ‘একজন ছাত্রের গ্র্যাজুয়েশনের জন্য আমাদের প্রায় ছয়-সাত লাখ টাকা করে খরচ করতে হয়। সেখানে পরীক্ষা দিয়েও সনদ, নম্বরপত্র না পাওয়া কতটা দুঃখজনক, তা বলার অপেক্ষা রাখে না। এতে করে কোথাও কাজের আবেদন করতেও পারছে না তারা।’ আইইউবি চট্টগ্রাম সূত্রে জানা গেছে, ঢাকা ক্যাম্পাস দুই মাসের মধ্যে সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সনদ বিতরণের প্রতিশ্রুতি দিয়েছে। এতে তাঁরা আনুষ্ঠানিকভাবে ঢাকা ক্যাম্পাসের শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়ার পর চট্টগ্রামের শিক্ষার্থীদের সনদ দেওয়ার কথা বলেছে। সূত্র মতে, ১৯৯২ সালে আইইউবি ঢাকা ক্যাম্পাস ও ১৯৯৬ সালে চট্টগ্রাম ক্যাম্পাস চালু হয়। ২০০৭-২০০৮ সেশন থেকে এ পর্যন্ত আইইউবির কোনো সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। ঢাকা থেকে গত সেমিস্টারের ফলাফল না পাঠানো এবং সাময়িক সনদ না পাওয়ার বিষয়ে জানতে চাইলে আইইউবি ঢাকার রেজিস্ট্রার তানভীর এ খান চট্টগ্রাম ক্যাম্পাসের ট্রাস্টি বোর্ডের সভাপতি এস এম আল হোসাইনীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন, ‘মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম ক্যাম্পাস এখন আমাদের সঙ্গে যুক্ত নয়। এটি পৃথক একটি বিশ্ববিদ্যালয়।’ আইইউবি চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সভাপতি এস এম আল হোসাইনী শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমরা সব সমস্যা সমাধানের চেষ্টা করছি। আইইউবি চট্টগ্রামকে একটি পৃথক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আবেদন করেছি। এ ব্যাপারে ইতিবাচক সমাধানের লক্ষ্যে রাজনৈতিক নেতা, সাংসদসহ প্রশাসনের উচ্চপর্যায়ে যোগাযোগ করে যাচ্ছি।’