সনদ ছাড়া বয়লার চালালে দুই বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ
ফাইল ছবি

সনদ ছাড়া বয়লার চালালে সর্বোচ্চ দুই বছরের জেল বা দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে শিল্পকারখানার বয়লার-সংক্রান্ত বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

আজ রোববার শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ‘বয়লার বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাব নিষ্পত্তি করেন।

ঔপনিবেশিক আমলে প্রণীত আইন বাতিল করে নতুন এ আইন করা হচ্ছে। এতে বিভিন্ন অপরাধে শাস্তি বাড়ানো হয়েছে।

বিলে বলা হয়েছে, শিল্পকারখানায় বয়লার দুর্ঘটনার ঝুঁকি কমাতে নতুন এ আইন করা হচ্ছে। বয়লারের গা থেকে নিবন্ধন নম্বর অপসারণ, পরিবর্তন, বিকৃত বা অদৃশ্য করে অন্য বয়লার ব্যবহার করলে দুই বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে বিলে।

নিয়মের বাইরে কেউ বয়লার তৈরি বা আমদানি করলে দুই বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানার বিধান বিলে রাখা হয়েছে।

আর নিয়মের বাইরে গিয়ে বয়লার ব্যবহার করলে বা কাউকে ব্যবহারের অনুমতি দিলে সর্বোচ্চ দুই বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানার বিধান বিলে রাখা হয়েছে।

বিলে বলা হয়েছে, দুর্ঘটনা ঘটলে বয়লার ব্যবহারকারী, পরিচালনাকারী বা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি তার জন্য দায়ী হবেন।

দুর্ঘটনার ক্ষতিপূরণ দায়ী ব্যক্তির কাছ থেকে আদায় করা হবে। তবে দুর্ঘটনা রোধে কেউ যুক্তিসংগত ব্যবস্থা নিয়েছেন, এমন প্রমাণ করতে পারলে তিনি দায়ী হবেন না।